স্টাফ রিপোর্টার।।
খুলনায় অল্প সময়ের ব্যবধানে একই স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—মো. মঞ্জুরুল ইসলাম (২৪) ও নাজমুল (১৮)।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর লবণচরার আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আশিবিঘা কালভার্টের কাছে আড্ডা দিতে যাওয়ার সময় মঞ্জুকে লক্ষ্য করে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে দুটি গুলি তার শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মঞ্জু আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি। এর কিছুক্ষণ পর একই এলাকায় নাজমুলকেও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নাজমুলের বাবার নাম মনির শেখ।
অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় পরপর দুই যুবক হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।








































