যশোর প্রতিনিধি
যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার যশোর এস এম সুলতান ফাইন আর্ট কলেজে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম এই হাসপাতাল শুরু করেছিলেন। কিন্তু দীর্ঘদিন এটি ভগ্নদশায় পড়ে আছে। ইতিমধ্যে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি যশোর করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদান কার্যক্রম চালু রয়েছে, যা অচিরেই শেষ হবে। করোনারি কেয়ার ইউনিট চালু হওয়ার পরপরই যশোর শিশু হাসপাতালকে বড় পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হবে।’
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘শেখ হাসিনা বিভিন্ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। আজকে যারা তাঁর বিরুদ্ধে কথা বলছে, তাদের একটি বড় অংশই তাঁকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে, তখন সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ, যারা একসময় ফ্যাসিস্ট তৈরিতে মদদ দিয়েছিল, তারা মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে ফ্যাসিবাদের চর্চা করে। সুযোগ পেলেই তারা আবার ছোবল মারবে।’ এ সময় সরকারি নিয়ম অনুযায়ী সুযোগ থাকলে প্রতীকী মূল্যে এস এম সুলতান ফাইন আর্ট কলেজকে জমি দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
কলেজের অধ্যক্ষ শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন। উল্লেখ্য, তিন দিনব্যাপী এই বার্ষিক প্রদর্শনীতে এস এম সুলতান ফাইন আর্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আঁকা ৫০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।










































