বিনোদন ডেস্ক।।
শাড়িকাণ্ডে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এর আগে নানা ঘটনায় দেশের একাধিক তারকাকেও আদালতের দ্বারস্থ হতে হয়েছে।
সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার মতে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শিল্পীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা শোবিজ অঙ্গনের জন্য উদ্বেগজনক।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফারিয়া। তিনি লেখেন, ‘তুচ্ছ সব বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা কেবল লজ্জাজনকই নয় বরং শোবিজের জন্য পীড়াদায়কও।
আমাদের ইন্ডাস্ট্রি যে কতটা ভঙ্গুর, খামখেয়ালি ও হালকা হয়ে পড়েছে এটি তারই প্রমাণ।’
ফারিয়ার মতে, মতপার্থক্য হলেই আইনের আশ্রয় নেওয়া কোনোভাবেই অগ্রগতির লক্ষণ নয়।
তিনি বলেন, ‘আমার খুব কষ্ট হয় যখন দেখি মানুষ এমনভাবে বাহবা দেয় যে এটিই অগ্রগতির প্রতীক। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল চিন্তাধারা না।
বরং এটি সম্পূর্ণ পিছিয়ে দেওয়ার মানসিকতা। আমাদের প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্বতা জনসমক্ষে অপমান বা অপ্রয়োজনীয় আইনি লড়াই না। এটি কোনো অগ্রগতি না, অধঃপতন।’
সম্প্রতি শাড়িকাণ্ডকে কেন্দ্র করে তানজিন তিশার আদালতে আত্মসমর্পণ ও জামিনের ঘটনা আলোচনায় এসেছে। ওই ঘটনার পরই নুসরাত ফারিয়ার এই মন্তব্য সামনে এলো।
এর আগে গত বছরের ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া। তবে ১ দিন পরই জামিনে মুক্তি পান তিনি। সেই সময়ের অভিজ্ঞতা অভিনেত্রীর জন্য ছিল অপ্রত্যাশিত ও কষ্টদায়ক।
তানজিন তিশার সাম্প্রতিক ঘটনায় নিজের সেই অভিজ্ঞতার কথাই হয়তো নতুন করে মনে পড়েছে ফারিয়ার। আর সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।










































