স্টাফ রিপোর্টার।।
খুলনায় ঝড়বৃষ্টি আর দমকা হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি। সার্কিট হাউস ময়দানের প্যান্ডেল ও সামিয়ানা ক্ষতিগ্রস্ত হওয়ায় শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছে ঈদের প্রধান জামাতের স্থান। এখন পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে খুলনা টাউন জামে মসজিদে।
বুধবার (২৭ মে) জেলা প্রশাসনের এক জরুরি প্রেস নোটে জানানো হয়েছে, বৈরী আবহাওয়া এবং সার্কিট হাউস মাঠের কিছু অংশ কর্দমাক্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় নির্ধারিত প্রধান ঈদের জামাত টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা ও ৯টায়।
খুলনায় মঙ্গলবার (২৬ মে) রাতে আধা ঘণ্টার বেশি সময় ধরে বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যায়। এরপর বুধবার দুপুরে আবারও প্রায় আধা ঘণ্টাব্যাপী ঝড়বৃষ্টি হয়। এতে সার্কিট হাউস মাঠে নির্মিত সামিয়ানার বড় অংশ ছিঁড়ে যায় এবং প্যান্ডেলের বিভিন্ন অংশ ভেঙে পড়ে। মাঠজুড়ে পানি ও কাদা জমে যাওয়ায় সেখানে মুসল্লিদের নিরাপদে জামাত আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়।
এর আগে জেলা প্রশাসন সার্কিট হাউস ময়দানেই খুলনার প্রধান ঈদুল আজহার জামাত আয়োজনের প্রস্তুতি নেয়া হয়। সেখানে নারীদের জন্য আলাদা পর্দাসহ বিশেষ জামাতের ব্যবস্থাও রাখা হয়েছিল। তবে আবহাওয়ার আকস্মিক অবনতিতে শেষ মুহূর্তে বিকল্প সিদ্ধান্ত নিতে হয়েছে প্রশাসনকে।
জেলা প্রশাসন জানিয়েছে, অন্যান্য মসজিদ ও ঈদগাহে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জামাত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট পরিচালনা কমিটিগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় জামাত আয়োজন করবে।
ঈদকে ঘিরে মহানগর ও জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার, নৌপথে নজরদারি বৃদ্ধি এবং বেপরোয়া মোটরসাইকেল চালানো, আতশবাজি ও উচ্চস্বরে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এ ছাড়া, কোরবানির পশুর হাট, বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিয়েও আগের নির্দেশনাগুলো কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।









































