Home খেলাধুলা জামালদের করোনা পরীক্ষা করিয়ে আসতে হবে ক্যাম্পে

জামালদের করোনা পরীক্ষা করিয়ে আসতে হবে ক্যাম্পে

11

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৭ আগস্ট থেকে গাজীপুরের সারা রিসোর্টে শুরু হবে এই প্রস্তুতি পর্ব। তার আগে ব্যক্তিগত উদ্যোগে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে ফুটবলারদের। এরপর ক্যাম্পে যোগ দিয়ে আবারও হবে তাদের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার জাতীয় টিমস কমিটির সভা শেষে ক্যাম্প ও প্রস্তুতি নিয়ে তেমনটাই জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে ৮ অক্টোবর দেশের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৩ অক্টোবর কাতার, ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা। আপাতত অক্টোবরের দুই সূচি নিয়ই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। গাজীপুরের প্রাথমিক ক্যাম্পে ৩০ কিংবা আরও বেশি খেলোয়াড়কে ডাকা হতে পারে। তারা সবাই ব্যক্তিগত উদ্যোগে করা পরীক্ষার ফল নিয়ে যোগ দেবেন ক্যাম্পে। এরপর বাফুফের উদ্যোগে আবারও হবে কোভিড-১৯ পরীক্ষা। করোনাভাইরাসের কারণে লম্বা সময় মাঠের বাইরে কাটানো ফুটবলারদের প্রস্তুতি শুরুর আগে সতর্ক বাফুফে। খেলোয়াড়দের করোনাভাইরাস অবস্থা নিশ্চিত হয়েই তারা ক্যাম্প শুরু করতে চায়। ভার্চ্যুয়াল সভা শেষে টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল বলেছেন, ‘জাতীয় দলের ক্যাম্প গাজীপুরের সারা রিসোর্টে হবে। ক্যাম্পে রিপোর্টিং ডেট থাকবে ৭ আগস্ট থেকে। সব খেলোয়াড়কে ক্যাম্পে যোগ দেওয়ার আগে যার যার অবস্থান থেকে যেকোনও ভালো জায়গা থেকে কোভিড-১৯ টেস্ট করে আসতে হবে। ক্যাম্পে যোগ দেওয়ার পর আবারও মেডিক্যাল কমিটির তত্ত্বাবধানে পরীক্ষা করানো হবে।’
প্রস্তুতি পর্বে খেলোয়াড়দের ৪ থেকে ৫ জনের গ্রুপে বিভক্ত রাখা হবে। এভাবে ১৪ দিন তারা কোচের নির্দেশনা অনুযায়ী গ্রুপভিত্তিক অনুশীলন করবেন। কাজী নাবিল বললেন, ‘খেলোয়াড়দের ছোট ছোট গ্রুপে ভাগ করে দেওয়া হবে। আগামী দুই সপ্তাহ ৪ থেকে ৫ জন করে থাকবে। বিদেশি কোচরা তত্ত্বাবধানে থাকবে। ১৪ দিন শেষে যখন দেখবো স্বাস্থ্যের বিষয়ে কোনও ঝুঁকি নেই, তখন তারা একসঙ্গে হতে পারবে, অনুশীলন করতে পারবে।’
বিদেশি কোচদেরও আইসোলোশনে রাখা হবে বলে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি, ‘এরই মধ্যে বিদেশি কোচরা চলে আসবেন। তাদেরকেও কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। প্রয়োজনে আইসোলোশনে থাকতে হবে। দেখা হবে তাদের কোনও স্বাস্থ্যের ঝুঁকি আছে কিনা। রিসোর্টে যা কিছু প্রয়োজন তা ফেডারেশনের পক্ষ থেকে দেখা হচ্ছে।’

চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে দিলো আর্সেনাল

ক্রীড়া প্রতিবেদক

উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বহুদূরে, আগামী মৌসুমের ইউরোপা লিগ খেলার সম্ভাবনাটাও ক্ষীণ আর্সেনালের। ইপিএলের চলতি মৌসুমে কোনকিছুই হয়নি তাদের পরিকল্পনা মতো। তবে শেষদিকে এসে পেয়ে গেল নতুন মৌসুমে ভালো শুরুর অনুপ্রেরণা। তারা হারিয়ে দিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে।
লিগের সাত ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পর যেন আর ফলের দিকে নজর নেই লিভারপুলের। সবশেষ পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র দুইটি, হেরেছে দুইটি, ড্র হয়েছে দুর্বল বার্নলির বিপক্ষে ম্যাচ। অথচ শিরোপা নিশ্চিত করা অর্থাৎ ৩১ রাউন্ড পর্যন্ত মাত্র ১টি ম্যাচে হেরেছিল অলরেডরা, ড্রও হয়েছিল ১টি ম্যাচ। লিভারপুল সবশেষ পরাজয়ের মুখ দেখল বুধবার রাতে, আর্সেনালের বিপক্ষে ম্যাচে। এমিরেটস স্টেডিয়ামে খেলতে গিয়ে ম্যাচের সকল পরিসংখ্যানই নিজেদের পক্ষে রেখেছিল ইয়ুর্গেন কপের শিষ্যরা, শুধু পারেনি গোলসংখ্যায় এগিয়ে থাকতে। শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও, পরে জোড়া গোল করে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে আর্সেনাল। ম্যাচের ২০ মিনিটের মাথায় অ্যান্ড্রু রবার্টসনের পাস থেকে ঠা-া মাথার ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানে। অবশ্য ১২ মিনিটের সময়ই তারা গোল পেতে পারত। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও জালের বাইরে বল মারেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো।
মানের গোলে এগিয়ে গেলেও সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। ম্যাচের ৩২ মিনিটের সময় ভার্জিল ফন ডাইক দুর্বল ব্যাক পাস দেন গোলরক্ষকের উদ্দেশ্যে। মাঝে সেটি ধরে গোলরক্ষক অ্যালিসন বেকারকে কাটিয়ে ম্যাচে সমতা ফেরান আর্সেনাল তারকা অ্যালেক্সান্দার লাকাজেত। এর ১২ মিনিট পর ভুল করে বসেন অ্যালিসন নিজেই। তার ভুল পাস থেকে বল পেয়ে যান লাকাজেত। তিনি সেটি বাড়িয়ে দেন তরুণ রেইস নেলসনের উদ্দেশ্যে। যা ধরে জালে জড়াতে কোন ভুল করেননি নেলসন। পরে এটিই হয়ে থাকে ম্যাচের জয়সূচক গোল। দ্বিতীয়ার্ধে একের পর এক চেষ্টা করেও আর গোল করতে পারেনি লিভারপুল।

ক্রীড়াঙ্গনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়াঙ্গনে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় বিভিন্ন ফেডারেশনকে হাত ধোয়ার বেসিনসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ শুরু করেছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন।
গতকাল বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিজ দপ্তর থেকে জুমে সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘করোনা পরিস্থিতির শুরু থেকেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অসহায় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। ইতিমধ্যে ১ হাজার ক্রীড়াবিদকে ১ কোটি টাকা প্রদান করা হয়েছে। আরো ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অচিরেই এ অর্থ তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া সম্মানী ভাতা হিসেবে ১১৫০ ক্রীড়াবিদকে মাসে ২০০০ টাকা করে মোট ২৪০০০ টাকা প্রদান করা হবে।’

ওল্ড ট্রাফোর্ডেও চোখ রাঙাচ্ছেন ক্যারিবীয় বোলাররা

ক্রীড়া প্রতিবেদক

প্রথম টেস্টের ভাগ্য গড়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টেও তারা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চোখ রাঙাচ্ছেন। খুব একটা স্বস্তিতে খেলতে পারছে না স্বাগতিকরা। প্রথম দিনের চা-বিরতিতে যাওয়ার আগে কোনো ব্যাটসম্যান হাফসেঞ্চুরির দেখা পাননি।
প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতেও শুরুর আগে বৃষ্টির হানা। পরে খেলা শুরু হলে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ধীর সূচনা করেন দুই ওপেনার টম সিবলে আর ররি বার্নস। দেখেশুনেই এগোচ্ছিলেন তারা। লাঞ্চ বিরতির ঠিক আগমুহূর্তে রস্টন চেজের ঘূর্ণিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন বার্নস। ১ উইকেটে ২৯ রান দিয়ে বিরতিতে যায় ইংলিশরা। বিরতির পর টানা দ্বিতীয় বলে আরও এক উইকেট চেজের। জ্যাক ক্রলি ফিক করতে চেয়েছিলেন, লেগ স্লিপে দাঁড়িয়ে ক্যাচ নিয়ে নেন জেসন হোল্ডার। হ্যাটট্রিক চান্স তৈরি হয় চেজের। ক্যারিবীয় এই অফস্পিনারের হ্যাটট্রিক বলটাতে অবশ্য কোনো ঝুঁকি নেননি জো রুট। তৃতীয় উইকেটে সিবলের সঙ্গে ৫২ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয়ও সামলে নেন ইংলিশ দলপতি। শেষতক তার ওই প্রতিরোধ ভাঙেন আলজেরি জোসেফ। মুখোমুখি পঞ্চম দেখায় চতুর্থবারের মতো ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভকে পরাস্ত করেন ক্যারিবীয় এই পেসার। রুটকে স্লিপে হোল্ডারের ক্যাচ বানান ২৩ রানে। ৮১ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে আবারও ইনিংস মেরামতের চেষ্টা করছেন ডম সিবলে আর বেন স্টোকস। ৩ উইকেটে ১১২ রান নিয়ে প্রথম দিনের চা-বিরতিতে গেছে ইংল্যান্ড। সিবলে ৪৬ আর স্টোকস ১৮ রানে অপরাজিত আছেন।

ভারতের সফরের মাঝেই অস্ট্রেলিয়ায় শুরু বিগ ব্যাশ

ক্রীড়া প্রতিবেদক

এবার ক্রিকেট ফেরাতে যাচ্ছে অস্ট্রেলিয়াও। বছরের শেষ দিকে নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় সফর রয়েছে ভারতের। করোনার মধ্যেই এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করে দিয়েছে, তাদের ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের সূচি। ভারত সিরিজের মাঝেই শুরু হয়ে যাবে বিগ ব্যাশ লিগ।
৩ ডিসেম্বর ব্রিসবেনে সফরের প্রথম টেস্ট শুরু হবে ভারতের। একই দিনই রাতে অ্যাডিলেড ওভালে শুরু হবে বিগ ব্যাশ লিগের জমজমাট আসর। লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি। নারীদের বিগ ব্যাশ লিগ শুরু হবে তারও আগে, ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। যার ফলে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে প্রথম সারির অনেক ক্রিকেটার বিগ ব্যাশের প্রথম দিকের অধিকাংশ ম্যাচই খেলতে পারবেন না।

ছয় গোলের ম্যাচে রোনালদোদের হোঁচট

ক্রীড়া প্রতিবেদক

ছয় গোলের থ্রিলার ম্যাচে শিরোপা প্রত্যাশী জুভেন্টাসকে রুখে দিয়েছে সাসুলো। ড্র করেছে ৩-৩ গোলে। ম্যাচ অমীমাংসিত থাকলেও সাত পয়েন্টের লিড নিয়ে সেরি এ’র পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
এ নিয়ে টানা দুই লিগ ম্যাচে ড্র করল জুভ শিবির। আগের ম্যাচে আটালান্টার সঙ্গে ২-২ গোলে ড্র করে ছিল তারা। আর টানা তিন ম্যাচ ধরে জয় বঞ্চিত রয়ে গেল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সঙ্গে হজম করল নয় গোল। অথচ ২০২০ সালে অন্য ১৩ লিগ ম্যাচ মিলে সমান সংখ্যক গোল খেয়েছিল তারা। টানা দুই ড্রয়ের আগে এসি মিলানের কাছে হার মেনেছিল জুভেন্টস।
সাসুলোর ঘরের মাঠে জুভেন্টাসকে গোল এনে দেন ডানিলো, গনজালো হিগুয়েইন ও লোবো সিলভা। আর স্বাগতিকদের হয়ে গোল করেন ফিলিপ জুরিচিচ, ডোমেনিকো বারার্ডি ও ফ্রান্সেস্কো ক্যাপুটো। মার্চের পর এই প্রথম কোনো সেরি এ ম্যাচে গোল করতে ব্যর্থ হলেন সিআর সেভেন। লকডাউনের পর ছয় লিগ ম্যাচে পেয়েছেন সাত গোল। কোচ মাউরিজিও সারির দল টানা নবম লিগ ট্রফি জয়ের পথে এগিয়ে চলেছে। দ্বিতীয় স্থানে থাকা আটালান্টার (৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট) চেয়ে এখনো সাত পয়েন্টে এগিয়ে জুভেন্টাস (সমান ম্যাচে ৭৭ পয়েন্ট)। এখনো হাতে রয়েছে পাঁচ ম্যাচ।

করোনা-বিধি না মানায় বাদ আর্চার

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজকেই মাঠে নামছে ইংল্যান্ড। কিন্তু পেসার জোফরা আর্চারের অনাকাঙ্ক্ষিত ‘ভুল’ বিপদেই ফেলে দিয়েছে স্বাগতিকদের। করোনা কালে জীবানু সুরক্ষার বিধি ভাঙায় তাকে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বুধবারই ১৩ সদস্যের দলে আর্চারকে রেখে নাম ঘোষণা করেছে ইসিবি। কিন্তু বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় তারা বিবৃতি দিয়ে জানায়, বিধি ভাঙায় আর্চারকে বাদ দিতে হচ্ছে। অবশ্য এমন বিধি ভাঙার ক্ষেত্রে যে কাউকেই আইসোলেশনে থাকতে হয়। আর্চারের বেলাতেও ঘটছে তেমনটা। ফলে তার দলে ফেরার সুযোগ থাকছে না।

১১১ জয়ে গার্দিওলার রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নস লিগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আনন্দ আরও মধুর হয়েছে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠের জয়ে। একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এলেও বোর্নমাউথকে হারাতে কষ্ট হয়নি সিটিজেনদের, পেয়েছে ২-১ গোলের জয়। ইতিহাদ স্টেডিয়ামে লড়াইটি ছিল আবার প্রিমিয়ার লিগে পেপ গার্দিওলার ১৫০তম ম্যাচ। মাইলফলকের ম্যাচে জয়ের নতুন রেকর্ড গড়েছেন স্প্যানিশ কোচ।
প্রিমিয়ার লিগ ইতিহাসে ১৫০ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন, এমন কোচদের মধ্যে সবচেয়ে বেশি জয় গার্দিওলার। বোর্নমাউথের বিপক্ষে জিতে ইংলিশ শীর্ষ ফুটবলে তিনি ম্যানসিটিতে পেয়েছেন ১১১তম জয়। অন্য যেকোনও কোচের চেয়ে ৬ জয় বেশি। কিংবদন্তি দুই কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গারও এই জায়গায় পিছিয়ে। এই পর্যায়ে জয়ের সংখ্যায় গার্দিওলার কাছাকাছি আছেন জোসে মরিনিয়ো। বর্তমানে টটেনহামের দায়িত্ব পালন করা পর্তুগিজ কোচ ১৫০ ম্যাচে পেয়েছিলেন ১০৫তম জয়। পরের জায়গাগুলোয় রয়েছেন যথাক্রমে লিভারপুলের ইয়ুর্গেন কপ (৯২), ফার্গুসন (৯০) ও লিভারপুল, ব্ল্যাকবার্ন রোভার্স ও নিউক্যাসলের সাবেক কোচ কেনি ডালগ্লিশ (৮৫)।

গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আইভরি কোস্টের ফুটবলার ক্রিস্টোফার অরিয়ের। মাত্র ২৬ বছর বয়সে পরলোকে পাড়ি জমালেন এই ফুটবলার। তিনি আইভরি কোস্টের অধিনায়ক সার্জে অরিয়েরের ছোট ভাই। ক্রিস্টোফার অবশ্য নিজ দেশ আইভরি কোস্ট নয়, মারা গেছেন ফ্রান্সের তুলুসে।
ফ্রান্সের পঞ্চম বিভাগের কাব রোদেও তুলুসের হয়ে খেলতেন ক্রিস্টোফার। সেই তুলুসের একটি নাইট কাবের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় ক্রিস্টোফারকে। ঠিক সেই সময় বড় ভাই সার্জে অরিয়ের টটেনহ্যামের হয়ে মাঠ মাতাচ্ছিলেন। ক্রিস্টোফারকে উদ্ধার করে যতক্ষণে চিকিৎসা দিতে নেওয়া হচ্ছিলো ততক্ষণে পরপারে পাড়ি জমিয়েছিলেন তিনি। জানা যায়, অতিরিক্ত রক্তক্ষরণে মারা গিয়েছিলেন তিনি। তিনদিনের বেশি সময় পার হলেও পুলিশ এখন পর্যন্ত আততায়ীকে গ্রেপ্তার করতে পারেনি।

ইংল্যান্ড সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা অস্ট্রেলিয়ার

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক সূচি অনুযায়ী চলতি মাসে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে স্থগিত করা হয়েছিল সফরটি। এদিকে করোনা সঙ্কট কাটিয়ে ইংল্যান্ডে আবার খেলা শুরু হওয়ায় আগামী সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের পরিকল্পনা নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যে ইংল্যান্ড সফরের জন্য ২৬ জনের প্রাথমিক দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড : প্যাট কামিন্স, শন অ্যাবট, অ্যাসটন আগার, অ্যালেক্স ক্যারি, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জস হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রিলে মেরেডিথ, মাইকেল নেসের, জস ফিলিপ, ড্যানিয়েল স্যামস, ডি’আর্চি শর্ট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

হ্যারি কেনের ডাবল সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়ালেন হ্যারি কেন। উপহার দিলেন জোড়া গোলের দুরন্ত পারফরম্যান্স। তার এ অসাধারণ নৈপুণ্যে টটেনহ্যাম হটস্পার ৩-১ গোলে বধ করেছে নিউক্যাসল ইউনাইটেডকে। এ জয়ের ম্যাচে কাব ফুটবলে ২০০ গোলের মাইলফলক ছাড়িয়ে গেলেন ইংলিশ তারকা স্ট্রাইকার কেন।
নিউক্যাসলের মাঠে কেনের জোড়া গোলের আগে স্পার শিবিরকে লিড এনে দেন সন হিউং-মিন। ৬০তম ও ৯০তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন কেন। সুবাদে ২৬ বছরের এই সুপারস্টার ৩৫০ ম্যাচে ২০১ গোলের দেখা পেলেন। ১৬ গোল বাদে বাকি সব গোলই করেছেন তিনি স্পারদের হয়ে। কেনের সাফল্যের দিনে সপ্তম স্থানে উঠে গেছে কোচ হোসে মরিনহোর দল। সঙ্গে জোরালো হলো তাদের ইউরোপা লিগে খেলার সম্ভাবনা। আর স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাট রিচি।

ম্যানসিটির টানা তৃতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

সাউদ্যাম্পটনের কাছে হারের ক্ষতটা বেশ ভালোই শুকিয়ে নিয়েছে ম্যানচেস্টার সিটি। পরপর দুই ম্যাচে গোল উৎসবের পর বোর্নমাউথকে ঘরের মাঠে হারাল ২-১ গোলে। এনিয়ে জিতল টানা তিন ম্যাচ।
ইতেহাদ স্টেডিয়ামে ম্যাচের ছয় মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন ডেভিড সিলভা। ৩৩তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে অবনমনের শঙ্কায় থাকা বোর্নমাউথকে সান্ত¡নার গোল এনে দেন ডেভিড ব্রুকস। ৩৬ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে এখন কোচ পেপ গার্দিওলার ম্যানসিটি। সমান ম্যাচে সপ্তম স্থানে উঠে আসা টটেনহ্যামের সংগ্রহ দাঁড়াল ৫৫ পয়েন্ট।