মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালের বড়দিয়া গ্রামে খেলার মাঠের দাবীতে উপজেলা পরিষদে অবস্থান নিয়ে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। উপজেলার বড়দিয়া হাজী আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চরভরাটি সরকারী জমিতে খেলার মাঠের জন্য তারা এ দাবী করেছেন। বড়দিয়া গ্রামবাসী জানান, খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বড়দিয়া গ্রামে গেলে তখন গ্রামের মানুষ তার কাছে একটি খেলার মাঠের দাবী জানান।
সেই দাবীতে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা একটি লিখিত আবেদন জমা দেন। তখন রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন সরেজমিনে গিয়ে তারপর তাদের দাবীর সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন। এ বিষয়ে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন বলেন, আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন মহেদয় সরেজমিনে গিয়ে তারপর মাঠের সিদ্ধান্ত দিবো।











































