Home আঞ্চলিক কালীগঞ্জে আ’লীগের সভাপতি সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের সংবাদ সম্মেলন

কালীগঞ্জে আ’লীগের সভাপতি সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের সংবাদ সম্মেলন

11

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহ কালীগঞ্জের ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় স্থানীয় সাঁকোবাজার দলীয় অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু সুফিয়ান। তার পাঠ করা লিখিত বক্তব্যে বলা হয়,বর্তমান তাদের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক দীর্ঘদিন যাবত নিষ্ক্রিয় রয়েছেন। তারা দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়ে খামখেয়ালী কাজ করে দলীয় ভাবমুর্তি নষ্ট করছেন। সম্প্রতি সারাদেশের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশিদের মধ্য থেকে সৎ,যোগ্য ও সাংগাঠনিক তৎপরতার বিবেচনা করে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভার মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করার নির্দেশনা রয়েছে। কিন্ত উক্ত সভাপতি, সম্পাদক কোন প্রকার বর্ধিত সভা না ডেকেই গোপনে ঘরে বসে নগদ নারায়নে তুষ্ট হয়ে তাদের ব্যক্তিগত পছন্দের ব্যক্তির নামের তালিকা পাঠানোর পায়তারা করছেন। তারা কোন ভাবেই সংগঠনের কথা না ভেবে নানা ধরনের কর্মকান্ড করে দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করছেন। যা তৃনমুল পর্যায়ের নেতাকর্মিদের বিভ্রান্ত করছে। সাথে সাথে দলের সাংগাঠনিক অবস্থাও দূর্বল হওয়ার ও ইঙ্গিত মিলছে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন,তাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আয়ূব হোসেন খান এলাকায় থাকেন না। তিনি দলীয় স্বার্থবিরোধী কর্মকান্ড চালিয়েই যাচ্ছেন। ফলে তিনি আ’লীগের নেতাকর্মিদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া সংবাদ সম্মেলনে দলটির উপস্থিত নেতাকর্মিরা মৌখিক বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার যে অবিরাম চেষ্টা এ সকল নেতা নামধারীদের কারনে তা বাধাগ্রস্থ করছেন। ফলে বিষয়টি গনমাধ্যমের মাধ্যমে তুলে ধরে দলের নীতি নির্ধারকদের দৃষ্টি কাড়ার জন্য সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান করেন। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগসহ কালীগঞ্জের মিডিয়াকর্মিরা উপস্থিত ছিলেন।