Home জাতীয় আর মাত্র ৮ দিন

আর মাত্র ৮ দিন

13

স্টাফ রিপোর্টার

আর মাত্র ৮ দিন বাকি। আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে মুজিব জন্মশতবর্ষ। পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত চলবে উৎসব অনুষ্ঠান। এরই মাঝে নানা কর্মসূচী চূড়ান্ত করা হয়েছে। বিশেষ করে আগামী ১৭ মার্চের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে দেখা যাচ্ছে বিপুল কৌতূহল।

এরই মাঝে জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ (ইউএসপিএস) বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি বিশেষ সচিত্র ডাকচিহ্ন (পিকটোরিয়াল পোস্ট মার্ক) প্রকাশের ঘোষণা দিয়েছে। মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ সকাল ১১টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিস থেকে এই স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হবে। ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বিশেষ বুলেটিনে এই স্মারক প্রকাশিত হবে। শনিবার মুক্তধারা ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন ডাক বিভাগের স্মারক ডাকটিকেট বিভাগ জানিয়েছে, ১৭ মার্চ থেকে ৩০ দিনের জন্য এই সচিত্র ডাকচিহ্ন সংবলিত সিলমোহর ব্যবহারের সুযোগ থাকবে। শুধু সুনির্দিষ্ট ডাক অফিসে (জ্যাকসন হাইটস, নিউইয়র্ক) এই সিলমোহর সম্বলিত ডাকটিকেট কেনার সুযোগ থাকবে।

এর আগে ২০১৬ সালে মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মার্কিন ডাক বিভাগ যে স্মারক ডাকচিহ্ন ও ফার্স্ট ডে দ্য কভার প্রকাশ করে তা নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্রধান ডাক অফিসে বিক্রির ব্যবস্থা করা হয়। মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্কিন ডাক বিভাগের এই বিশেষ সচিত্র ডাকচিহ্ন প্রকাশ উপলক্ষে জ্যাকসন হাইটসের প্রধান ডাক অফিসে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও একাধিক মার্কিন নির্বাচিত গণপ্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

জাতির পিতার জন্মশতবার্ষিকীর লগ্নে আন্তর্জাতিক বলয়ে বঙ্গবন্ধুকে নানাভাবে শ্রদ্ধা জানাবার উদ্যোগের একটি প্রয়াস বলে অভিহিত করেন এই স্মারক ডাকচিহ্নের আবেদনকারী মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী বিশ্বজিত সাহা।