Home আঞ্চলিক নড়াইলে ভাসুরের বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে ভাসুরের বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0


লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।।


নড়াইলের লোহাগড়ায় সাথী খানম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার গোপীনাথপুর বেপারীপাড়া এলাকায় ভাসুরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সাথী খানম লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের খাঁজা বিশ্বাসের মেয়ে। তিনি একই উপজেলার দিঘলিয়া সাহাপাড়া গ্রামের প্রবাসী শাহাবুল ইসলামের স্ত্রী। তার তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ঘটনার আগের দিন সাথী তার ভাসুর পলাশ শেখের গোপীনাথপুর বেপারীপাড়ার বাড়িতে বেড়াতে যান। সঙ্গে ছিল তার শিশু ছেলে রাজ।

পলাশ শেখ জানান, বুধবার বিকেলে তিনি বাড়িতে ফেরেন। এ সময় সাথী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর অন্য একটি কক্ষে যান। কিছুক্ষণ পর শিশু রাজ মায়ের কক্ষে গিয়ে দরজা বন্ধ দেখতে পায়। ডাকাডাকি করেও মায়ের সাড়া না পেয়ে সে বিষয়টি জানায়। পরে পলাশ ও তার স্ত্রীও ডাকাডাকি করেন। তাতেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তারা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় সাথীকে ঝুলতে দেখেন।

সাথীর বাবা খাঁজা বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে পলাশ শেখ ফোন করে মেয়ের সমস্যার কথা জানান এবং দ্রুত সেখানে যেতে বলেন। সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে পৌঁছে তিনি মেয়ের মরদেহ দেখতে পান।

সাথীর মা নাছিমা বেগম বলেন, ‘আমার ভালো মেয়েটা গতকাল তাদের বাসায় গেল। কী এমন ঘটল যে তাকে আত্মহত্যা করতে হলো? আমি ঘটনার সঠিক তদন্ত চাই, বিচার চাই।’

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় গোপীনাথপুর বেপারীপাড়া এলাকায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে পুলিশ।