স্টাফ রিপোর্টার।।
সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ এবং মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের সার্বিক উন্নয়ন কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দিনভর নিবিড় সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আকাশ ও জলপথে এই অঞ্চল পরিদর্শনের পর আজ বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে আকাশপথে সুন্দরবন ও হিরণ পয়েন্টের পরিবেশগত পরিস্থিতি ও প্রাকৃতিক রূপ পর্যবেক্ষণ করেন। আকাশপথের পরিদর্শন শেষে তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে অবতরণ করলে স্থানীয় প্রশাসন ও বিএনপির শীর্ষ নেতা-কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এরপর নলিয়ান লঞ্চঘাট থেকে জলপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে বহনকারী নৌযানটি বাংলাদেশ নৌবাহিনীর মোংলা জেটিতে পৌঁছায়। সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতি শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার ওয়ার্ডরুমের সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা ও মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
এরপর বিকেল ৩টায় মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম এবং বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে সুন্দরবন, দাকোপ ও মোংলা এলাকাজুড়ে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। সার্বিক কর্মসূচি শেষে বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করার কথা রয়েছে তার।
এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে বইছে আনন্দের হাওয়া। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নিবিড় পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটন, যোগাযোগ এবং অর্থনৈতিক খাতে নতুন গতি সঞ্চার করবে।










































