Home আঞ্চলিক স্ত্রীর পর করোনায় সাবেক এমপি আফাজ আহমেদের মৃত্যু

স্ত্রীর পর করোনায় সাবেক এমপি আফাজ আহমেদের মৃত্যু

6

মোঃ রেজাউর রহমান তনু,কুষ্টিয়া ।।

স্ত্রীর মৃত্যুর ১০ দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে আফাজ উদ্দিন আহমেদ তিন ছেলে, চার মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১৭ জুলাই) দিবাগত রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আফাজ উদ্দিন আহমেদের ছেলে ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুনের বরাত দিয়ে তার পিএস রাজু আহমেদ।

এর আগে গত ৮ জুলাই সকাল সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম আলো (৭২) করোনা আক্রান্ত হয়ে মারা যান।

নিহতের পরিবার জানায়, করোনা আক্রান্ত হলে ২২ জুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় মনোয়ারা বেগম আলোকে। অবস্থার অবনতি হওয়ায় পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদও একই সাথে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মনোয়ারা বেগম আলো করোনার কাছে হার মেনে মৃত্যুপথযাত্রী হন।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সর্বস্তরের জনগণ। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

আফাজ উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং কুষ্টিয়া-১ এর সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কুষ্টিয়া-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ক্ষমতাসীন মহাজোটের হয়ে নৌকা প্রতীকে এমপি আফাজ উদ্দিন আহমেদ পরাজিত হন।