Home জাতীয় আর মাত্র ৩০ দিন

আর মাত্র ৩০ দিন

21

স্টাফ রিপোর্টার

বাকি আর ৩০ দিন। আগামী ১৭ মার্চ থেকে পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। সে অনুযায়ী, এক মাসের মতো বাকি। এরপরই মাহেন্দ্রক্ষণ। মুজিব-জন্মশতবর্ষ উদ্যাপন শুরু হয়ে যাবে।

অবশ্য তারও আগে থেকে চলছে প্রাক অনুষ্ঠানমালা। অমর একুশে গ্রন্থমেলায় রাখা হয়েছে নানা আয়োজন। দ্বিতীয় দিন থেকে প্রতিদিনই এখানে চলছে বঙ্গবন্ধুর ওপর লেখা নতুন বইয়ের ওপর আলোচনা। এরই ধারাবাহিকতায় শনিবার গ্রন্থমেলার মূলমঞ্চে আসাদ চৌধুরী রচিত ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু’ বইটির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন শোয়াইব জিবরান। আলোচনা করেন আনিসুর রহমান এবং নূরুন্নাহার মুক্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক খুরশীদা বেগম।

প্রাবন্ধিক বলেন, নিজস্ব একটি ভূমির অর্জন ও রক্ষার দীর্ঘ লড়াইয়ের ইতিহাস পৃথিবীতে অনেক রয়েছে। কিন্তু বাঙালী জাতির নিজস্ব স্বাধীন ভূখন্ড লাভের ইতিহাস সবচেয়ে বিস্ময়কর। বাঙালী জাতি মাত্র নয় মাস সশস্ত্র যুদ্ধ করে তাদের স্বপ্নের একটি স্বাধীন ভূখন্ড প্রতিষ্ঠা করতে পেরেছিল। কিন্তু এ অবিশ্বাস্য অর্জনের পেছনে একজন মানুষ বিনিয়োগ করেছিলেন তাঁর সমগ্রজীবন। তিনি বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য সাহিত্যকর্মের সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে কবি আসাদ চৌধুরীর রচিত গ্রন্থটি অন্যতম। এখানে অত্যন্ত শিল্পদক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে ইতিহাসের একজন মহানায়কের দীর্ঘ অভিযাত্রা।

অন্য আলোচকরা বলেন, গ্রন্থটিতে কবি আসাদ চৌধুরী অত্যন্ত সচেতনভাবে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন। বঙ্গবন্ধুর কথা, কাজ ও সংগ্রাম সবই ছিল মানুষের জন্য নিবেদিত। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও জীবনদর্শন আমাদের জন্য চিরকালের আদর্শ। ‘সংগ্রাম’ শব্দটি বঙ্গবন্ধুর জীবনের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে, গ্রন্থের শিরোনাম আমাদের সামনে বজ্রকণ্ঠের এক মহানায়কের অবয়ব ফুটিয়ে তোলে। বাঙালী জাতি হিসেবে আমরা গর্ব অনুভব করতে পারি যে আমরা এ স্বাধীন বাংলাদেশে জন্মেছি এবং বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে আমাদের আদর্শ হিসেবে পেয়েছি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক খুরশীদা বেগম বলেন, একজন রাজনৈতিক নেতা মানবমুক্তির সংগ্রামে কীভাবে নিজেকে উৎসর্গ করতে পারে বঙ্গবন্ধু তার উৎকৃষ্ট উদাহরণ। তিনি ছিলেন একজন সহজাত রাজনীতিক। পৃথিবীতে মানুষের রাজনৈতিক ইতিহাসে এমন নেতা বিরল যাঁর ডাকে দুঃখ-দারিদ্র্যপীড়িত একটি দেশের সমগ্র জনগোষ্ঠী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় লিখিত ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু’ গ্রন্থটি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।