Home Lead যমুনা তেলের ডিপোতে সিবিএ সভাপতির রাজত্ব: আড়ালে কোটি টাকার চুরি

যমুনা তেলের ডিপোতে সিবিএ সভাপতির রাজত্ব: আড়ালে কোটি টাকার চুরি

55

স্টাফ রিপোর্টার।।

খুলনায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে রাষ্ট্রীয় সম্পদ তেল চুরির এক বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের গুরুতর অভিযোগ উঠেছে সিবিএ শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এবং শ্রমিক লীগের পদ-পদবি ব্যবহার করে তিনি এই ডিপোতে নিজস্ব আধিপত্য ও চোরাই সিন্ডিকেট গড়ে তুলেছেন। ডিপোর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত বদলি করা হলেও অলৌকিক ক্ষমতাবলে বহাল তবিয়তে রয়েছেন এই বিতর্কিত নেতা।

অভিযোগে জানা যায়, ডিপোর রিসিভিং ও ডেলিভারি পয়েন্ট থেকে শুরু করে ট্যাংকার খালাসের প্রক্রিয়ায় সুকৌশলে জ্বালানি তেল চুরি করা হয়। দেলোয়ারের নেতৃত্বাধীন শক্তিশালী চক্রটি প্রতিদিন বিপুল পরিমাণ তেল সরিয়ে কালোবাজারে বিক্রি করে আসছে। এর মাধ্যমে তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, যার সরাসরি ক্ষতিকর প্রভাব পড়ছে রাষ্ট্রীয় কোষাগার ও জ্বালানি খাতের ওপর।

এদিকে অনুসন্ধানে আরও জানা গেছে, সিবিএ নেতা দেলোয়ার কেবল তেল চুরির সঙ্গেই জড়িত নন, বরং তিনি একটি নাশকতার মামলারও তালিকাভুক্ত আসামি। তা সত্ত্বেও অজানা ও অদৃশ্য কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করছে না। গ্রেফতার এড়িয়ে প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে তিনি এখনও ডিপোর কার্যক্রম ও চোরাই সিন্ডিকেট পরিচালনা করে যাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিজ্ঞ মহল ও সচেতন সচেতন নাগরিকদের মতে, একজন নাশকতার মামলার আসামি এবং চিহ্নিত তেলচোর কীভাবে রাষ্ট্রীয় একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানে বছরের পর বছর বহাল থাকে, তা বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। দেলোয়ারের এই অপকর্মের কারণে রাষ্ট্রের মারাত্মক আর্থিক ক্ষতি হচ্ছে।

উদ্বেগজনক এই পরিস্থিতিতে যমুনা তেলের ডিপোর নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর আকস্মিক হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল। অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই চুরির সিন্ডিকেটের মূল হোতা দেলোয়ারসহ জড়িতদের বিষয়ে অনুসন্ধান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়েছে।