র্স্পোটস ডেস্ক।।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুক্রবার (৩ এপ্রিল) ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দু’দলের মধ্যকার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন আইরিশ কোচ মার্ক কক্স।
ফাইনালের আগে গতকাল গণমাধ্যমকে কক্স বলেন, ‘আমরা এখানে ৯০ মিনিটের মধ্যেই জিততে এসেছি। লড়াইটা সমানে সমান হবে। ভারত একটি বড় দল, তবে বাংলাদেশও তাই। আমার মনে হয় সবাই ইতিহাস সম্পর্কে সচেতন। বাংলাদেশ-ভারত বা বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সবসময়ই একটা দ্বৈরথ থাকবে। ঠিক যেমন আমার নিজের দেশে ইংল্যান্ড, স্কটল্যান্ড বা ওয়েলসের মধ্যে থাকে। মানুষ সবসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারাতে চায়।’
গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে সেমিফাইনালে ডাগআউটের বাহিরে ছিলেন কক্স। ফাইনালে তার আবেগ নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ থাকবে। নিজের ৮৬ বছর বয়সী মায়ের একটি আবেগঘন বার্তার কথা স্মরণ করে মার্ক কক্স বলেন, ‘আমার মা ফোন করে আমাকে বলেছেন্ত এই বয়সে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ার মতো দুষ্টুমি করো না। জীবন মানেই তো ফুরফুরে থাকা! তাই আমার মাথায় এখন একটিই কৌশল কাজ করছে; আমি ডাগআউটেই থাকবো, মাঠ থেকে বহিষ্কৃত হবো না। শান্ত থাকা এবং ভালো আচরণ করাই এখন আমার লক্ষ্য।’
মালের সুন্দর আবহাওয়ার মাঝে ফাইনালের জন্য আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন নেই বলে মনে করছেন কক্স। তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে মালদ্বীপের নীল আকাশ, সমুদ্র আর সূর্য দেখা্ত এটাই ফুটবল খেলার জন্য যথেষ্ট অনুপ্রেরণা। ১৯ বা ২০ বছর বয়সে ফুটবল খেলার জন্য যদি আপনার মধ্যে অনুপ্রেরণা না জাগে, তবে আমার আসলে আর কিছুই করার নেই।’
একজন ইংরেজ হিসেবে পেনাল্টি শ্যুটআউট নিয়ে নিজের মজার অভিজ্ঞতার কথা জানিয়ে কক্স বলেন, ‘পেনাল্টি শ্যুটআউটের টুর্নামেন্টগুলো থেকে দূরে থাকাই আমার জন্য ভালো। ইতিহাস সাক্ষী, ইংল্যান্ড সবসময় পেনাল্টিতে হারে। তাই এই বিষয়টি আমি আমার বাংলাদেশি কোচদের ওপরই ছেড়ে দিচ্ছি। আমরা এখানে ৯০ মিনিটের মধ্যেই জিততে এসেছি। লড়াইটা সমানে সমান হবে।’










































