স্পোর্টস ডেস্ক
২০১৩ সালের পর প্রথমবারের মতো স্পেনের ঘরোয়া কাপের ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার বার্সেলোনার মাঠে ৩-০ গোলে হেরে গেলেও প্রথম লেগে মাদ্রিদে ৪-০ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নেয় দিয়েগো সিমিওনের দল।
গত মাসের বড় ব্যবধানে হারের পর বার্সেলোনা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। চোটে থাকা ফ্রেঙ্কি দে ইয়ংয়ের বদলে খেলতে নামা ১৮ বছর বয়সী মিডফিল্ডার মার্ক বার্নাল দুই অর্ধেই একটি করে গোল করেন। আর পেদ্রি ফাউলের শিকার হলে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন রাফিনিয়া।
শুরু থেকেই স্বাগতিক বার্সেলোনা দাপট দেখায়। অতিরিক্ত সময় আদায় করতে তাদের প্রয়োজন ছিল অন্তত চারটি গোল। সে লক্ষ্যেই সিমিওনের দলকে নিজেদের অর্ধে চেপে ধরে তারা।
৩০তম মিনিটে লামিনে ইয়ামালের দুর্দান্ত একক প্রচেষ্টায় ম্যাচে প্রাণ ফিরে পায় বার্সেলোনা। কর্নার থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু ক্রস বাড়ান তিনি, যা কাছ থেকে জালে জড়ান বার্নাল।
চাপ কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি আতলেতিকো। মার্কোস লোরেন্তের ক্রস থেকে আদেমোলা লুকমানের হেড অল্পের জন্য বাইরে চলে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় বার্সেলোনা, যখন ডিফেন্ডার মার্ক পুবিল বক্সের ভেতরে পেদ্রিকে ফাউল করেন। স্পটকিক থেকে বাঁ দিক লক্ষ্য করে বল পাঠান রাফিনিয়া, আর মুসো ঝাঁপ দেন বিপরীত দিকে।
দ্বিতীয়ার্ধে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে টিকিয়ে রাখেন মুসো। ৫৪তম মিনিটে পেদ্রির শট এক হাতে ঠেকিয়ে কর্নার দেন তিনি। এরপর বক্সের বাইরে থেকে বার্নালের শট রুখে দেন এবং ইয়ামালের দুটি প্রচেষ্টাও ব্যর্থ করে দেন।
৭২তম মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন বার্নাল। তাতে অতিরিক্ত সময়ের জন্য প্রয়োজনীয় গোল থেকে মাত্র এক ধাপ দূরে পৌঁছে যায় বার্সেলোনা।
তবে শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি তারা। আতলেতিকো সমষ্টিগত ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে তারা মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও আথলেতিক বিলবাওয়ের মধ্যকার অন্য সেমিফাইনালের বিজয়ীর, যেখানে প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সোসিয়েদাদ।










































