ঢাকা অফিস
তিন সাংবাদিকসহ চারজনকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ), মো. জাহিদুল ইসলাম (রনি) ও নাজমুল হক।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
চার উপ-প্রেস সচিবের মধ্যে মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) সমকাল, আমাদের সময়, কালের কণ্ঠ ও একাত্তর টেলিভিশন ছাড়াও একাধিক গণমাধ্যমে কাজ করেছেন। মো. জাহিদুল ইসলাম (রনি) রেডিও আমার, যায়যায়দিন ও সংবাদ প্রতিদিনে কাজ করেছেন। মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) বাংলাভিশনে এবং নাজমুল হক বিএনপির আইসিটি সেলে কাজ করেছেন।









































