Home আঞ্চলিক খুলনায় শীর্ষ সন্ত্রাসী বিসমিল্লাহ গ্রেপ্তার, ট্রিপল হত্যা মামলার মূল আসামি

খুলনায় শীর্ষ সন্ত্রাসী বিসমিল্লাহ গ্রেপ্তার, ট্রিপল হত্যা মামলার মূল আসামি

1864

স্টাফ রিপোর্টার।।


খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও খুলনা – নওগা জেলার বিভিন্ন থানার ২০টি মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি মো. বিসমিল্লাহ (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর টুটপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিসমিল্লাহ পশ্চিম টুটপাড়া এলাকার শেখ আতিয়ারের ছেলে।

টুটপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুর রহমান জানান, রাতে খুলনা থানার টুটপাড়ার কবি নজরুল ইসলাম রোড এলাকায় দাঁড়িয়ে ছিল বিসমিল্লাহ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় এসআই সাইফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ধাওয়া করে তাকে আটক করে।

পুলিশ জানায়, বিসমিল্লাহ খুলনা থানার তালিকাভুক্ত ৩ নম্বর শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা ও নওগা জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ মোট ২০টি মামলা রয়েছে। ২০১৯ সালের একটি মাদক মামলায় তার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডাদেশ হলেও দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

এছাড়াও সম্প্রতি লবণচরা থানার আলোচিত ট্রিপল হত্যা মামলায় গ্রেপ্তারকৃত এক ফ্রান্সপ্রবাসী আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিতে বিসমিল্লাহকে ওই মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।