স্পোর্টস ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে পাকিস্তান। লাহোরে প্রথম দিনের ৯০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান তুলেছে দলটি। হাফ সেঞ্চুরি পেয়েছেন ইমাম-উল-হক, অধিনায়ক শন মাসুদ, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা।
প্রথমে ব্যাট করতে নেমে এদিন প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে আউট হন আব্দুল্লাহ শফিক। দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ইমাম ও মাসুদ। দ্বিতীয় উইকেটে ১৬১ রান যোগ করেন তারা। ২০২৩ সালের পর টেস্ট ক্রিকেটে ফিরেই ১০ম অর্ধশত রানের দেখা পেলেন ইমাম। অন্যদিকে, ১২তম ফিফটি আদায় করেছেন মাসুদ।
শেষ পর্যন্ত ১৪৭ বলে ৭৬ রান করার পর প্রেনলাল সুব্রায়ানের বলে মাসুদ ফিরলে ভাঙে এই জুটি। চার নম্বরে নামা বাবর আজম শুরুটা দারুণ করলেও ইনিংস বড় করতে পারেননি। ৪৮ বলে ২৩ রান করেছেন তিনি। যদিও এরই মধ্যে একটি রেকর্ড গড়ে ফেলেন তিনি। প্রথম পাকিস্তানি ও অষ্টম ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রান অতিক্রম করলেন তিনি।
চা বিরতির আগে পাকিস্তানের গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তুলে নেন সেনুরান মুথুসামী। ফিরিয়ে দেন ১৫৩ বলে ৯৩ রান করা ইমামকে। পরে প্রথম বলেই আউট হন সৌদ শাকিল। ১৯৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এরপর দুরন্ত প্রতিরোধ গড়েন রিজওয়ান ও সালমান।
দিনের শেষ সেশনে আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। ১২তম হাফ সেঞ্চুরি পূরণ করে ৬২ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। আর দশম ফিফটির দেখা পাওয়া সালমান অপরাজিত থাকেন ৫২ রানে।











































