স্টাফ রিপোর্টার
নগরীতে দুর্বৃত্তের গুলিতে মো. সোহেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে নগরীর হাজী মুহাম্মদ মুহসিন রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল গিয়াস হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। নিহত সোহেল রাজমিস্ত্রীর কাজ করতেন। সে নগরীর বাবুখান রোডের খালেক কারিগরের ছেলে।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে নগরীর হাজী মুহাম্মদ মুহসিন রোডে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পিঠের ডান পাশে লেগে বুকের বাম পাশ দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মনিরুল গিয়াস জানান, প্রাথমিকভাবে জানা গেছে ৩/৪ দিন আগে সোহেলের সঙ্গে কয়েকজন যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছিল। হয়তো তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।











































