স্টাফ রিপোর্টার ।।
প্রাইভেট কারের নিচে বিশেষ কৌশলে তৈরি বাক্সে সংরক্ষিত অবস্থায় ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তারের মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রবিবার (১৪ জুলাই) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নীলা কর্মকার এ রায় প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সাতক্ষীরা জেলা সদরের গোবরদাড়ী গ্রামের মো. ইমান আলীর ছেলে মো. সিদ্দিক আলী। এ মামলার অপর আসামি মো. মশিউর রহমান, মোহাম্মদ ফারুক, কামরুল ইসলাম ও মোহাম্মদ মনাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি সিদ্দিক আলী পলাতক ছিলেন।
আদালতের এপিপি এড. শিউলি আক্তার লিপি নথীর বরাত দিয়ে জানান, ২০১০ সালের ৫ আগস্ট রাত সোয়া দিকে খুলনা জেলার কৈয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি করে ১৬০ বোতল ফেনসিডিলসহ সিদ্দিক আলীকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় ডিবির এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সিদ্দিক আলীসহ ৫জনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন যার নং- ৭। ওই বছরের ২ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবির এসআই নিশিকান্ত সরকার ৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।










































