Home খেলাধুলা হার্টলির ৭ ‍উইকেটে ইংল্যান্ডের হাতে কুপোকাত স্বাগতিক ভারত

হার্টলির ৭ ‍উইকেটে ইংল্যান্ডের হাতে কুপোকাত স্বাগতিক ভারত

48

স্পোর্টস ডেস্ক।।

শামার জোসেফের বীরত্বে অস্ট্রেলিয়ায় রোমাঞ্চ ছড়িয়ে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোমাঞ্চ ছড়িয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার হায়দরাবাদ টেস্টেও। ব্রিজবেনের গ্যাবায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মতো পেন্ডুলামের মতো দুলতে থাকা হায়দরাবাদ টেস্টও শেষ হলো চতুর্থ দিনে। হায়দরাবাদে দেখা গেল ‘স্পিন শো’। যার পুরোটা জুড়ে আছেন টম হার্টলি। তার ৭ উইকেটেই প্রথম দুই ইনিংসে অনেক পিছিয়ে থাকা ইংল্যান্ড তুলে নিল ২৮ রানের রোমাঞ্চকর জয়।

হায়দরাবাদে একই টেস্টে অনেক রং দেখল ক্রিকেটবিশ্ব। প্রথমে ইনিংসে ব্যাট করা ইংল্যান্ডকে ২৪৬ রানেই অলআউট করে দিয়েছিল ভারত। এরপর নিজেদের প্রথম ইনিংসে ভারত তোলে ৪৩৬ রান। লিড গিয়ে দাঁড়ায় ১৯০ রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে এত বড় লিডের চাপে ইংল্যান্ড যে বড় লক্ষ্য দিতে পারবে সেই আশা ছিল না কারোই। তবে সেটিই করে দেখালেন ওলি পোপ। ম্যাচের তৃতীয় ইনিংসে খেললেন ১৯০ রানের ম্যারাথন ইনিংস। তাতে ইংলিশরা ৪২০ রান তুলে চতুর্থ ইনিংসে ভারতের সামনে লক্ষ্য রাখল ২৩১ রানের।

হায়দরাবাদ টেস্টের গতিপথ দেখলে মনে হয়, সমতার উদাহরণ তৈরি করার দিকেই ম্যাচটি বারবার ঝুঁকেছে। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে সেটি পুশিয়ে দিয়েছে ইংল্যান্ড। অন্যদিকে, ভারত প্রথম ইনিংসে দারুণ খেললেও দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়ে। শেষ পর্যন্ত শেষ হাসিও হাসতে পারেনি।

২৩১ রানের লক্ষ্যে শুরুটা যদিও মন্দ করেনি ভারত। ৪২ রানের জুটি গড়েন যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। তবে এর পর থেকেই শুরু হয় উইকেটপতন। ৬৩ রানের মধ্যেই ফেরেন রোহিত, জয়সওয়াল ও শুভমান গিল। তিনটি উইকেটই নেন প্রথম ইনিংসে বেদম মার খাওয়া টম হার্টলি।

এরপর লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ৯৫ রানের মাথায় সেই হার্টলির বলেই অক্ষর ফিরলে আবার শুরু হয় মড়ক। ১১৯ রান তুলতেই ফেরেন লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও শ্রেয়াস আইয়ার। অষ্টম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন রবিচন্দ্রন অশ্বিন ও শ্রীকর ভারত। তবে ১৭৬ রানের মাথায় ভরত ফিরলে ক্ষীণ হয়ে আসে আশা। সেটি আরও জোড়ালো হয় ১৭৭ রানের মাথায় অশ্বিন ফিরলে। শেষ ব্যাটার হিসেবে ২০২ রানের মাথায় মোহাম্মদ সিরাজ আউট হলে শেষ হয় ভারতের ইনিংস। ইংল্যান্ড জয় পায় ২৮ রানে।

দ্বিতীয় ইনিংসে মোট ৭ উইকেট নেন হার্টলি। ২৬ ওভার ২ বলে ৬২ রান দিয়ে উইকেটগুলো শিকার করেন তিনি। এছাড়া একটি করে উইকেট পান জো রুট ও জ্যাক লিচও।