Home খেলাধুলা হোয়াটসঅ্যাপে ফুটবলারদের সমস্যার সমাধান দিচ্ছেন জেমি ডে

হোয়াটসঅ্যাপে ফুটবলারদের সমস্যার সমাধান দিচ্ছেন জেমি ডে

20

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল আঙ্গিনায় তিনি পরিচিত গতির জন্য। বলা হয়, বর্তমান স্কোয়াডে সবচেয়ে ক্ষিপ্র ফুটবলার তিনি। আলোচনার টেবিলে কিংবা মাঠের সবুজ ঘাসে তার নাম এলেই সবার আগে চোখে ভাসে গত বছর কম্বোডিয়ার বিপক্ষে সেই ভোঁ-দৌড়।
শুধু যে দৌড়াতে পারেন তা নয়, বলের উপর নিয়ন্ত্রণও বেশ। দুইয়ে মিলিয়ে তিনি দারুণ প্যাকেজ। তবে গতির জন্য আলাদাভাবে নজর কেড়েছেন। বলা হচ্ছে জাতীয় দল ও বসুন্ধরা কিংসের উইঙ্গার মাহবুবুর রহমান সুফিলের কথা।
জেমি ডের হাত ধরে জাতীয় দলে শুরু সুফিলের। করোনাকালে জাতীয় দলের হেড কোচের মেয়াদ আরো দুই বছর বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সুফিল বিশ্বাস করেন জেমি ডের হাত ধরে সামনে আরো ভালো করবে বাংলাদেশ। করোনাকালে কোচকে পাশে পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনলাইনে নিচ্ছেন প্রশিক্ষণ। তাতে এগিয়েছে তার ফুটবল।
আত্মবিশ্বাসী কন্ঠে সুফিল বলেছেন,‘গত দুই বছর তার কোচিং সত্যিই ফলপ্রসূ ছিল। আমাদের সাথে তার খুব সহজেই বোঝাপড়া গড়ে ওঠে। আমরা সত্যি তার প্রতি কৃতজ্ঞ। মহামারির সময়েও তিনি হোয়াটসঅ্যাপে আমাদের পাশে ছিলেন। আমাদের অসুবিধাগুলো তাকে জানাতে পারছি এবং তিনি আমাদের সাথে সেগুলো নিয়ে কাজও করছেন।’
পরিসংখ্যান জেমি ডের পক্ষেই কথা বলছে। ২০১৮ সালের ২১তম বিদেশি কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব নেন। তার অধীনে ১৯ ম্যাচ খেলেছে জাতীয় দল। এর মধ্যে জিতেছে আটটি, ড্র করেছে দুইটি। বাকি নয়টিতেই হার। এছাড়া অনূর্ধ্ব-২৩ দলের কোচ ছিলেন ১১ ম্যাচে। সেখানে জিতেছেন তিন ম্যাচে, ড্র আছে দুইটি এবং হেরেছেন ছয়টিতে। বিদেশি কোচের পাশাপাশি স্থানীয় কোচরাও খেলোয়াড়দের উন্নতিতে বড় ভূমিকা রাখছেন বলে মনে করেন জাতীয় দলের তারকা ফুটবলার সুফিল।

দুই যুগে ৭৭ ধাপ নেমেছে বাংলাদেশের ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের বছর, ১৯৭২ সালে গঠন হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই বছর পর ১৯৭৪ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদস্য হয় বাংলাদেশ এবং ফিফার সদস্য পদ পায় আরো দুই বছর পর ১৯৭৬ সালে। ১৯৯৭ সালে আঞ্চলিক সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) গঠিত হওয়ার শুরু থেকেই বাংলাদেশ সদস্য।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বয়স ৪৮ বছর। তবে ইদানিং প্রথম ৩৬ বছরের চেয়ে বেশি আলোচনায় সর্বশেষ ১২ বছর। সর্বশেষ ১২ বছর বেশি আলোচনায় আসার আছে বহু কারণে। যার তিনটি প্রধান কারণ হলো এক যুগ ধরে বাফুফের সভাপতি দেশের সর্বকালের সেরা ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। এই এক যুগে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ পিছিয়েছে এবং এই এক যুগে ৬টি সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছে, যার মধ্যে বাংলাদেশ একবার শুধু সেমিফাইনাল খেলেছে। বাকি ৫ বার বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকে। এ সময়ে ৪টি বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল হলেও বাংলাদেশ মাত্র একবার ফাইনাল খেলেছে।
বাফুফে সভাপতি হিসেবে কাজী মো. সালাউদ্দিন দায়িত্ব নিয়েছেন ২০০৮ সালের ২৮ এপ্রিল। তিনি দায়িত্ব নেয়ার ১৯ দিন আগে ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮০। গত ১১ জুন ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৭ নম্বরে। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে মে-এই চার মাস ১৯৭ নম্বরে ছিল বাংলাদেশ। সর্বশেষ র‌্যাংকিংয়ের হিসেবে কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বের এই ১২ বছরে বাংলাদেশ পিছিয়েছে ৭ ধাপ। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল ১১০। ১৯৯৬ সালের ২৪ এপ্রিল ঘোষিত র‌্যাংকিংয়ের ওই ১১০ নম্বরটি এখন বাংলাদেশ ফুটবলের ইতিহাস। তখন ফিফার সদস্য ছিল ১৮১ টি দেশ। ১৯৯৬ সাল থেকে ২০২০, পাক্কা দুই যুগ। এই দুই যুগে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের ফুটবল পিছিয়েছে ৭৭ ধাপ। যার মধ্যে ৭০ ধাপই পিছিয়েছে কাজী মো. সালাউদ্দিন সভাপতির দায়িত্ব নেয়ার আগের এক যুগে। ১৮০ থেকে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি ১২ বছরে র‌্যাংকিং নামিয়েছে ১৮৭ তে।

স্টয়নিয়েরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

গত ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতীয় যুবাদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব আসরের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই ফাইনাল ম্যাচে বিশেষ নজর কেড়েছিলেন দলের মেন্টাল স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ রিচার্ড স্টয়নিয়ের।
যুব দলের সদস্যরা প্রায় সবাই একবাক্যে স্বীকার করেছে বিশ্বকাপ মিশনে তাদের সাফল্যের পেছনে স্টয়নিয়ের অবদানের কথা। খানিক পাগলাটে ও আমুদে এ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২০২২ সাল পর্যন্ত বিসিবির সঙ্গেই থাকছেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ সিলেটে

ক্রীড়া প্রতিবেদক

করোনা বিপর্যয়ের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অক্টোবর-নভেম্বরে মাঠে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা ও এএফসির নতুন সূচি অনুযায়ী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হবে করোনা সঙ্কট কাটিয়ে প্রথম ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। এছাড়াও ১৩ অক্টোবর কাতার বিপক্ষে। আর ১২ ও ১৭ নভেম্বর যথাক্রমে ভারত ও ওমানের বিপক্ষে খেলবে জেমি ডে’র শিষ্যরা।
এই চার ম্যাচের তিনটি ম্যাচ ঘরের মাঠে স্বাগতিক হিসেবে খেলবে বাংলাদেশ। যার একটি সিলেটে এবং বাকি দুটি ঢাকায় হওয়ার কথা। তবে ফিফা এবং এএফসির নির্দেশনা অনুযায়ী সুযোগ সুবিধা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে না থাকায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের হোম ম্যাচগুলো সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ চার ম্যাচে তিন হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে। এখন দেখার বিষয় বাকি চার ম্যাচে কি ফলাফল বয়ে আনে জেমি ডে’র শিষ্যরা।

এবারের সিপিএলে নেই কোনো বাংলাদেশি

ক্রীড়া প্রতিবেদক

অনেক প্রথমের মতোই সাকিব আল হাসানের হাত ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যাত্রা শুরু টাইগার ক্রিকেটারদের। ২০১৩ সালে প্রথমবারের মতো আলোর মুখ দেখে ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। ততদিনে টি-টোয়েন্টির হটকেক সাকিব। ফলে টাইগার এই সেরা অলরাউন্ডারকে প্রথম আসরে দলে টানে বার্বাডোজ ট্রাইডেন্টস।
সাকিব থেকে শুরু হয়ে সিপিএলের আসরে এরপর থেকে মোটামুটি নিয়মিত খেলতে থাকে টাইগাররা। সাকিবের পাশাপাশি তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদও নিয়মিত মুখ হয়ে ওঠে সিপিএলের। শুরুর পর থেকে ২০১৪-১৫ সাল ছাড়া প্রতি আসরে কোনো না কোনো টাইগার ক্রিকেটার প্রতিনিধিত্ব করেছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে। দীর্ঘদিন পর আবার কোনো বাংলাদেশি খেলছেন না ক্যারিবিয়ান এই টি-টোয়েন্টি লিগে। ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া আসন্ন মৌসুমে সিপিএলের প্রতিটি দল পাঁচজন করে বিদেশি ক্রিকেটার দলে রাখতে পারবে। সেই কৌঠা পূর্ণ করে গতকাল দল ঘোষণা করেছে ছয় ফ্র্যাঞ্চাইজি। তবে কোনো টাইগার ক্রিকেটার নেই তাতে।

মাশরাফির স্ত্রী করোনা পজিটিভ

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে মাশরাফি এবং তাঁর ভাই মোরসালিন বিন মুর্তজার করোনা ধরে পড়ে। মাশরাফির পরিবারের ঘনিষ্ঠ সূত্র গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার ভিডিও কলে নড়াইলে মতবিনিময় সভায় যোগ দিয়ে মাশরাফি নিজের পারিবারিক অবস্থা শেয়ার করেন। সেখানে মাশরাফি জানান, স্ত্রীসহ তিনি ও তাঁর ছোট ভাই করোনায় আক্রান্ত। ছেলে-মেয়ে দুইজনকে নড়াইল পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা দাদা বাড়িতে সুস্থ আছেন। বাবা-মারও সুস্থতার খবর নিশ্চিত করেন মাশরাফি। গত ২০ মে মাশরাফির শরীরে প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস ধরা পড়ে। ১৪ দিনের আইসোলেশনের সময় শেষ হয় ৪ জুলাই। তবে এর আগেই করোনা টেস্ট করান জাতীয় দলের সাবেক অধিনায়ক। গত ২৯ জুন মাশরাফির নমুনা সংগ্রহ করা হয়। পরদিনই রেজাল্ট হাতে পান। প্রথমবারের মতো দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ হয়েছেন মাশরাফি।

দাবাকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে

ক্রীড়া প্রতিবেদক

শিশুর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানোর লক্ষ্যে দাবা খেলাকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে চান বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), বাংলাদেশ চেস ফেডারেশন (বিসিএফ) ও সাউথ এশিয়ান চেস কাউন্সিল (এসএসিসি) প্রেসিডেন্ট ড. বেনজীর আহমেদ।
দাবা খেলার মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে সাসটেইনেবল পার্টনারশিপ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান তিনি। সোমবার রাতে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে জুমে (ভার্চুয়াল) প্রি-বোর্ড এসএসিসি বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করেন। সভায় এসএসিসি’র চিফ এক্সিকিউটিভ অরুণ মুথুস্যামি, ফিদে প্রেসিডেন্ট’স এডভাইজার ও এসএসিসি অবজারভার বেরিক বালগাবায়েব, যুক্তরাজ্যের দাবা কনসালট্যান্ট মিসেস শ্যারন হোয়াটলি, স্পেনের দাবা কনসালট্যান্ট লুইস ব্লাসকো দে লা ক্রুজ অংশগ্রহণ করেন।

বাইশ গজে ক্রিকেট ফিরছে আজ

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট ভক্তদের অপক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ১১৭ দিন পরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে সাউদাম্পটনে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট দিয়ে। যা নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট দুনিয়ায়।
আজ বুধবার থেকে যে টেস্ট শুরু হতে যাচ্ছে, তা এক কথায় নজিরবিহীন। ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার, কর্তা, সকলকে রাখা হচ্ছে সাউদাম্পটনের মাঠে জৈবিক সুরক্ষিত বলয়ের মধ্যে। মাঠের মধ্যেই রয়েছে হোটেল। সেখানেই থাকবেন ক্রিকেটার, ধারাভাষ্যকার, সকলে। যার অর্থ, ম্যাচে যাঁরা থাকবেন, সকলে এক বার বলয়ে ঢুকে পড়লে আর বেরোতে পারবেন না। ক্রিকেটারেরা আগেই সেখানে ঢুকে পড়েছেন, ধারাভাষ্যকারদেরও বলে দেওয়া হয়েছে, মঙ্গলবারের মধ্যে ঢুকে পড়তে হবে।

ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম, কুস্তিগীর গোলাম রসুল ও সাবেক ফুটবলার হানিফসহ ৫জনের ইন্তেকালে জেলা ক্রীড়া সংস্থার শোক

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ সদস্য নাজমুস সাদাত সুমন এর পিতা খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক এস এম রফিকুল ইসলাম (৭৫), খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদ সদস্য, জেলা কুস্তি দলের প্রশিক্ষক, জাতীয় পদকপ্রাপ্ত কুস্তিগীর খান গোলাম রসুল (৫৫), খুলনা জেলা দলের সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় মোহাম্মদ হানিফ শেখ (৫০), খুলনা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. মোতালেব মিয়া এর ছোট ভগ্নিপতি সিদ্দিকুর রহমান (৫৫) ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ সদস্য এস, এম, ইনামুল কবির মন্নু এর ভাতিজী ঐশী বিনতে জামান কিসি (৩৩) ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)।
মৃতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, মো মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মো. সুজন আহম্মেদ, মনোয়ার আলী মনু, শরীফ মোঃ বদরুজ্জামান মামুন, এস এম ইনামুল কবীর মন্নু, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।

করোনায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলামের মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক

খুলনার বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট কাব কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (কেকেএসপি) পরিচালক সরদার রফিকুল ইসলাম (৬৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি নগরীর ছোট মির্জাপুরের বাসিন্দা।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ও করোনা হাসপাতালের মুখপাত্র ডা. শেখ ফরিদউদ্দিন আহমেদ জানান, রফিকুল ইসলাম সোমবার রাত সাড়ে ১০টার দিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। সরদার রফিকুল ইসলাম পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর শলুয়া গ্রামের মৃত. আব্দুল জব্বার সরদারের ছেলে। মরহুম সরদার রফিকুল ইসলাম খুলনা আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং কাব ও সোনালী অতীত কাবের আজীবন সদস্য ছিলেন। ক্রিকেট কাব ছাড়াও তাঁর ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবলসহ আরো বেশ কয়েকটি টিম রয়েছে।

আইরিশদের পরেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ড বনাম পাকিস্তান সিরিজের সূচি নিশ্চিত করা হয়েছে। আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে দু’দলের তিন ম্যাচে টেস্ট সিরিজ। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এমনটি জানিয়েছে।
এই সিরিজের একদিন আগেই অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করবে ইংল্যান্ড। যেখানে সাউদাম্পটনে ৩০ জুলাই, আগস্টের ১ ও ৪ তারিখ যথাক্রমে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। পাকিস্তান নিজেদের প্রথম টেস্ট খেলবে ওল্ড ট্রাফোর্ডে। তবে ১৩ ও ২১ আগস্ট পরের দুটি টেস্ট সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে। এই সিরিজের পরেই দু’দল তিন ম্যাচে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো ওল্ড ট্রাফোর্ডে ২৮, ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে।

জামিনে মুক্ত কুশল মেন্ডিস

ক্রীড়া প্রতিবেদক

বেপরোয়া গাড়ি চালিয়ে ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহী বৃদ্ধকে চাপা দিয়ে মেরে ফেলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল মেন্ডিস। এর জন্য দেশটির পুলিশ তাকে গ্রেফতারও করে। তবে গ্রেফতারের একদিন পরেই আদালত থেকে জামিনে মুক্তি পেলেন তিনি।
ঘটনাটি ঘটেছে ৫ জুলাই ভোরে, দক্ষিণ কলম্বোর পানাদুরায়। এমন মর্মান্তিক ঘটনা ঘটানোর জন্য ২৫ বছর বয়সী লঙ্কান ব্যাটসম্যানকে গ্রেফতার করে পুলিশ আদালতে ওঠায়। তবে ২০ লাখ শ্রীলঙ্কান রুপিতে জামিন দেওয়া হয় তাকে। কিন্তু আগামী ৯ সেপ্টেম্বর আবার আদালতে হাজিরা দিতে হবে। এছাড়া প্রাথমিক তদন্তের পর মেন্ডিসকে ড্রাইভিংয়ের জন্য অনুমতিও দেওয়া হয়েছে।

২০০তম ম্যাচ জিতলেন মরিনহো

ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে এভারটনের বিপক্ষে জয় পেয়েছে টটেনহাম। সোমবার স্পার্সরা তিন পয়েন্ট আদায় করেছে প্রতিপক্ষের আত্মঘাতি গোলের সুবাদে। আর এই জয়ে নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করলেন কোচ হোসে মরিনহো। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০০তম ম্যাচ জিতলেন টটেনহাম কোচ।
এই মাইলফলকে ওঠতে পর্তুগিজ কোচের লেগেছে ৩২৬ ম্যাচ। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে তার চেয়ে কম ম্যাচে ২০০তম জয় পেয়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি সাবেক কোচের লেগেছিল ৩২২ ম্যাচ। মরিনহো প্রিমিয়ার লিগের সবচেয়ে ভাগ্যবান কোচদের একজন যিনি বড় তিন কাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। টটেনহামের দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রধান কোচ ছিলেন চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের।

‘বার্সাগেট’ কেলেঙ্কারি থেকে মুক্তি পেলো বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে বুক থেকে এক কঠিন পাথর সরে গেছে বার্সেলোনার। ‘বার্সাগেট’ কেলেঙ্কারি থেকে মুক্তি পেয়েছে স্প্যানিশ জায়ান্ট কাবটি। সোমবার এক নিরপেক্ষ অডিট ও তদন্তে বেরিয়ে এসেছে, লিওনেল মেসিসহ ক্যাম্প ন্যুয়ের অন্যান্য কিংবদন্তির নামে কাব প্রেসিডেন্ট হোসেফ মারিয়া বার্তোমেউর অপপ্রচার চালানোর বিষয়টি গুজব ছাড়া আর কিছুই নয়।
এই অভিযোগ প্রমাণিত হলে ভাবমূর্তি সংকটে পড়তো লা লিগা চ্যাম্পিয়নরা। দলের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের অবনতিও হতো। গত এপ্রিলে বার্সার পরিচালকদের যে ৬জন প্রেসিডেন্ট বার্তোমেউর কাছে চিঠি লিখে পদত্যাগ করেছিলেন, তারাও দাবি করেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনিয়র খেলোয়াড়দের নিয়ে গুজব ছড়ানোর অভিযোগও তদন্ত করার। এবার সেই তদন্তের জট খুললো। ঘটনার শুরু ২০১৭ সালে। ক্যাম্প ন্যুয়ের সাবেক, বর্তমান তারকা ও কোচদের নিয়ে ফেসবুক-টুইটারের বিভিন্ন অ্যাকাউন্ড থেকে নেতিবাচক প্রচারণা চালানো হয়। কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, লিওনেল মেসি, জেরার্ড পিকে, কোচ পেপ গার্দিওলার নামে সেসব অপপ্রচার চালানোর জন্য অভিযোগের আঙুল ওঠে বার্তেমেউর দিকে।
বার্সা প্রেসিডেন্ট নাকি ক্যাম্প ন্যুয়ে নিজের আধিপত্যকে আরও সুসংহত করতে সেসব প্রচারণা চালিয়েছিলেন। তার জন্য তিনি তৃতীয় পক্ষকে ৯ কোটি ২১ লাখ টাকাও দিয়েছিলেন। তবে তদন্তে তার সত্যতা পাওয়া যায়নি।

মোহালিতে জুয়াড়ি গ্রেপ্তার

ক্রীড়া প্রতিবেদক

ভারতীয় এক জুয়াড়িকে গ্রেপ্তার করেছে দেশটির মোহালি পুলিশ। আটককৃত ওই জুয়াড়ির নাম রাভিন্দর দান্দিওয়াল। মোহালিতে একটি টি-টোয়েন্টি ম্যাচ সাজিয়ে লাইভ স্ট্রিমিং করে জুয়ার কার্যক্রম চালানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে দান্দিওয়ালের বিরুদ্ধে। এর আগে দান্দিওয়ালের বিরুদ্ধে টেনিসে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে।
ম্যাচ পাতানোর লক্ষ্যে ২০০৯ সালে ‘ক্রিকেট কাউন্সিল অব ইন্ডিয়া’ নামের একটা কাব খোলেন দান্দিওয়াল। পরবর্তীতে মোহালি, অমৃতসার এবং ভোপালে সাজানো টুর্নামেন্ট আয়োজন করে ম্যাচ পাতানোর কাজ করতো দান্দিওয়াল। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ শুত্রবার এক প্রতিবেদনে জানায়, গত ২৯ জুন হয়ে চন্ডিগড়ের নিকটবর্তী সাওয়ারা গ্রামে একটি ম্যাচ আয়োজন করেছিল দান্দিওয়াল। করোনার মধ্যেও স্থানীয় জুয়াড়িদের সঙ্গে নিয়ে সেখানে ৩৩ হাজার রুপি খরচ করে একটি মাঠ ভাড়া করেন দান্দিওয়াল। পরবর্তীতে সেই ম্যাচ লাইভ স্ট্রিমিং করেন তারা। লাইভে বলা হয়েছিল, শ্রীলঙ্কার বাদুল্লায় ‘উভা টি-টোয়েন্টি লিগ’-এর ম্যাচ ছিল এটা।