মোংলা প্রতিনিধি।।
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।বৃহস্পতিবার (৩০নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের কাছে উপমন্ত্রী এ মনোনয়ন জমা দেন।
বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোংলা উপজেলা সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারদার।
এর আগে সকালে মনোনয়ন জমা দেন তৃনমুল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ম্যানুয়েল সরকার, জাতীয় পার্টির মনিরুজ্জামান মনি।
অপরদিকে রামপালে মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ নিজাম উদ্দিন আহমেদ। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিবুল আলমের কাছে দুপুরে মনোনয়ন জমা দেন তিনি।
মনোনয়ন জমা দিয়ে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওপর আস্থা রেখে তাকে মনোনয়ন দিয়েছেন। এজন্য তার কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোংলা-রামপালের মানুষ আগেও তার সাথে ছিলো এখনও আছে উল্লেখ করে তিনি বলেন, জনগনের সরব অংশগ্রহনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। শেষ পর্যন্ত জনগনের ভোটেই নৌকার বিজয় হবে। এ সময় তার সাথে ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, বাগেরহাট জেলা তাতী লীগের সভাপতি ও বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র বাকী তালুকদার, মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান মারুফসহ অন্যান্যরা।
পরে কয়েক হাজার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার।
এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া ইদ্রিস আলী ইজারদার বলেন, যোগ্যতা থাকা সত্বেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। কিন্তু তার অনুসারী ও নেতা-কর্মীদের ভালবাসা পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন তিনি।











































