Home খেলাধুলা যে সমীকরণে আবারও হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ

যে সমীকরণে আবারও হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ

70

স্পোর্টস ডেস্ক।।

রোমাঞ্চকর লড়াই হিসেবে বিবেচিত ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। একপেশে লড়াইয়ে বিশ্বমঞ্চে ৮ বারের দেখায় পাকিস্তানের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখেছে ভারতীয়রা।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৪২ দশমিক ৫ ওভারে মাত্র ১৯১ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় ম্যান ইন ব্লুজরা।

তবে চলতি বিশ্বকাপে আবারও মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। যদিও এজন্য মেলাতে হবে নানান সমীকরণ।

রাউন্ড রবিন পদ্ধতিতে, গ্রুপ পর্বে প্রতিটি দলই একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে পয়েন্ট টেবিলের সেরা চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

সেমিতে সেরা চার দলের মধ্যে এক নম্বর দল মুখোমুখি হবে চার নম্বরে থাকা দলের সঙ্গে। আর এই দুই জায়গায় ভারত ও পাকিস্তান থাকলে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে আগামী ১৫ নভেম্বর একে অপরের মুখোমুখি হবে তারা।

অন্যদিকে ভারত ও পাকিস্তান সেরা চারের দ্বিতীয় এবং তৃতীয় দল হলে আগামী ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে তারা।

আর সেমিতে আলাদা আলাদা ম্যাচে নেমে জয় পেলে ১৯ নভেম্বর বিশ্বকাপের মেগা ফাইনালে দেখা যেতে পারে ভারত-পাকিস্তান মহারণ।