Home আঞ্চলিক জন্মের সময় মা হারানো মেয়েটিকে খালের স্রোতে ফেলে দিলো সৎ মা

জন্মের সময় মা হারানো মেয়েটিকে খালের স্রোতে ফেলে দিলো সৎ মা

15

গোপালগঞ্জ প্রতিনিধি।।

জন্মের সময় মারা যায় তিন বছর বয়সী মারিয়ার মা। এই ৩ বছর বয়সেই সৎ মায়ের নির্মমতার শিকার শিশু মারিয়া (৩)। সৎ মা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে খালে। এখনো নিখোঁজ সে। ফায়ার সার্ভিস ও ডুবুরির দল তাকে খুঁজে বেড়াচ্ছে।

শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খালের পানিতে ফেলে দিলে সে তলিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার একটি ডুবুরি দল যৌথভাবে ওই শিশুটিকে উদ্ধারে কাজ করছে। এ ঘটনায় সৎ মা সোনিয়া বেগমকে (২৫) টুঙ্গিপাড়া পুলিশ আটক করেছে। সোনিয়া গজালিয়া গ্রামের রহমত মোল্লার দ্বিতীয় পক্ষের স্ত্রী। নিখোঁজ শিশু মারিয়া (৩) রহমত মোল্লার প্রথম স্ত্রীর কন্যা।

স্থানীয়রা জানান, সকালে গজালিয়া গ্রামের কাঠুয়ার খালের ওপর নির্মিত লক গেট থেকে ধাক্কা মেরে মারিয়াকে খালের পানিতে ফেলে দেন সোনিয়া। এ সময় জোয়ার থাকায় প্রচণ্ড গতিতে বাঘিয়ারকুল নদী থেকে কাঠুয়ার খাল দিয়ে বিলে পানি ঢুকছিল। মুহূর্তেই শিশুটি পানিতে ডুবে নিখোঁজ হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মারিয়াকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন সোনিয়া। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় এলাকাবাসী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া থানার ওসি আবুল মনসুর বলেন, টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মারিয়ার বাবার রহমত মোল্লা জানান, তার প্রথম পক্ষের স্ত্রী সন্তান প্রসবের সময় মারা যান। চার মাস আগে তিনি সোনিয়াকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকে আগের পক্ষের দুই মেয়ের সঙ্গে অশুভ আচরণ শুরু করে সোনিয়া। এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। সকালে সোনিয়া এই ঘটনা ঘটিয়েছে।এতক্ষণ হয়তো তার মেয়ে বেঁচে নেই।