Home আঞ্চলিক বাগেরহাটে হামলায় স্বেচ্ছাসেবক-শ্রমিকলীগের ৫ নেতাকর্মী আহত

বাগেরহাটে হামলায় স্বেচ্ছাসেবক-শ্রমিকলীগের ৫ নেতাকর্মী আহত

5

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক ও শ্রমিক লীগের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া বাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এর মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার বিল্লাহ, আকতার বিল্লাহ অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বজনেরা হামলার বিচার দাবি জানান।

আহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার বিল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ বিল্লাহ, বারুইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহির মল্লিক, সাধারণ সম্পাদক ফেরদাউস মোড়ল এবং বারুইপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রায়হান হোসাইন।

সদর হাসপাতালে চিকিৎসাধীন বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ বিল্লাহ বলেন, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে শুক্রবার (২৫ মার্চ) সকালে টুঙ্গিপাড়াস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা ছিল। এজন্য বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে স্থানীয় নেতাকর্মীদের আমরা আমন্ত্রণ জানাতে যাই। উজুলপুর বাজারে নেতাকর্মীদের সাথে কথা বলে দুটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে আড়পাড়া বাজারে পৌঁছালে রাস্তার ওপর বেঞ্চ ও গুনো ফেলে আমাদের পথ আটকায়। মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশ থেকে যাওয়ার চেষ্টা করি।

তিনি আরও বলেন, এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে আমরা সবাই মোটরসাইকেল থেকে পড়ে যাই। তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের কোপাতে থাকে। ওদের কোপে আমি ও আক্তার বিল্লাহ‘র মাথাসহ শরীরের বিভিন্ন স্থান কেটে যায়। আক্তার বিল্লাহ মনে হয় বাঁচবে না।

বারুইপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য সচিব ও বাগেরহাট পৌরসভার নকশাকার ইঞ্জিনিয়ার রায়হান হোসাইন বলেন, দলীয় কাজ শেষে ফেরার পথে কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা করেছে। এতে আমরা পাঁচজন গুরুতর আহত হয়েছি। তারা যে শুধু আমাদের ওপর হামলা করেনি, এর আগে এলাকার অনেককে মারধর করেছে হালিম মোড়ল ও তার সঙ্গীরা। তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একাধিক মামলাও রয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, হামলার ঘটনায় আহত রায়হানের বাবা বাদী হয়ে থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। আসামিদের আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।