Home আঞ্চলিক শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদ গোপালগঞ্জে

শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদ গোপালগঞ্জে

10

গোপালগঞ্জ প্রতিনিধি।।


গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন।


শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল চারটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হয়ে এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময়সীমা পার হওয়ার পর শিক্ষার্থীরা বিকাল চারটা থেকে এ কর্মসূচি পালন করছেন।

এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি অটো থেকে তাদের তুলে নেওয়া হয়। পরবর্তীতে ৭-৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা সহপাঠীকে মারধর করেন এবং ওই ছাত্রীকে গণধর্ষণ করে।

ঘটনা জানতে পেরে রাতেই শিক্ষার্থীরা ধর্ষকদের গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থান নেন এবং ৩ দফা দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, এ খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। আমি নিজে এ ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অ্যান্ড অপারেশন) নিহাদ আদনান তাহিয়ান বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। আমাদের টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আমরা গ্রেফতার করতে সক্ষম হব।

ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে জানিয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা সংবাদমাধ্যমকে জানান, সড়কে আটকা পড়া যানবাহনের দীর্ঘ সারি হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আসামি চিহ্নিত করা এবং গ্রেফতারের বিষয়ে অগ্রগতি আছে। শিগগিরই পুলিশ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবে।