রামপালে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টার।।
বাগেরহাটের রামপালে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের বাবুরবাড়ি দূর্গামন্দির প্রাঙ্গণে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে হুড়কা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ আবু সাঈদ। ভেকটমারি বেলাই সার্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে দশটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দেওরা হয়েছে। যথাক্রমে, গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব সরদার, মুন্সি বোরহান উদ্দিন জেড, মোঃ আব্দুল্লাহ ফকির, মোঃ নাসির উদ্দিন, তপন কুমার গোলদার, হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, তরফদার মাহফুজুর হক টুকু, তালুকদার সাব্বির আহম্মেদ। এরমধ্যে রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ডাবলু সম্প্রতি প্রয়ত হওয়ার ওই আসনটিতে উপনির্বাচন হওয়ার প্রক্রিয়াধীন আছে।
উক্ত অনুষ্ঠানে হুড়কা ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে।
কোভিড প্রতিরোধে শপথ গ্রহণ ও পাদুকা শ্রমজীবী দের মাঝে ছাতা বিতরণ
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় দলিত ও সম্প্রীতি ফোরাম কতৃক বাস্তবায়িত মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইউকে এইডের অর্থায়নে স্থান : লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণ, গল্লামারী,খুলনাতে দলিত সংস্থার পড়সসঁহরঃু রহরঃরধঃরাব ঃড় বংঃধনষরংযবফ ফধষরঃ ধহফ বীপষঁফবফ ঢ়বড়ঢ়ষবং ৎরমযঃং (ঈওঊউঊজ) প্রকল্পের কোভিড প্রতিরোধের শপথ গ্রহণ ও পাদুকাশ্রমজীবী দের মাঝে ছাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্যানেল মেয়র ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আলী আকবর (টিপু)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ গাউচ উদ্দীন শিকদার।
সম্প্রীতি ফোরামের যুগ্ম আহ্বায়ক ইসরাত আরা হীরার সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তা জুলি বাড়ৈ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সম্প্রীতি ফোরাম এর সদস্য মোহাম্মদ সাবির খান,সালমা জাহান মনি প্রমূখ। ছাতা বিতরন শেষে প্রধান অতিথি উপস্হিত সকলকে করোনাভাইরাস প্রতিরোধের শপথ বাক্য পাঠ করান এবং খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত ৬২ জন পাদুকাশ্রমিকের হাতে করোনা সচেতনতামূলক বার্তাসহ ছাতা ও মাক্স তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ গাউচ উদ্দীন শিকদার,সম্প্রীতি ফোরামের সদস্য মোহাম্মদ সাবির খান,সালমা জাহান মনি।অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন প্রকল্পের পক্ষ থেকে সন্তোষ কুমার দাস,লক্ষ্মী দাস প্রমুখ।
তালায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা
ইলিয়াস হোসেন,তালা(সাতক্ষীরা):
তালায় আছিয়া বেগম (৩২) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। সে তালা সদরের মহল্লাপাড়া গ্রামের কাজী মিলনের স্ত্রী। মঙ্গলবার (১২ অক্টোবর) তালা হাসপাতালে চিকিৎসাধীনকালে তার মৃত্যু হয়। পারিবারিক কলহের কারণে উক্ত আত্মহননের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
নিহতের পারিবারিক সূত্র জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে বিষপান করে দুই সন্তানের জননী আছিয়া বেগম। পরিবারের লোক জানতে পেরে তাকে তাৎক্ষনিক তালা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীনকালে তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পারিবারিক কলহের কারণে উক্ত আত্মহননের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
তালায় অগ্নিনির্বাপনে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে তালায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে তালা উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত মহড়া কার্যক্রম সম্পন্ন হয়েছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা অগ্নিনির্বাপন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস কর্মীরা এ জনসচেতনতা মূলক মহড়ার আয়োজন করে। অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা ফায়ার সার্ভিস এর উপ-সহকারি পরিচালক মো. তারেক হাসান ভুঞা, এসও অর্ঘ্য দেবনাথ, খলিলনগর ইউপি চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক প্রমুখ।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ছয় হাজার সাতশত ৮৯ জন
তথ্য বিবরনী
খুলনা জেলায় মঙ্গলবার ছয় হাজার সাতশত ৮৯ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার তিনশত ৭৬ জন এবং মহিলা তিন হাজার চারশত ১৩ জন।
খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে দুই হাজার পাঁচশত ৩৬ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার দুইশত ৫৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে ৯৭ জন, বটিয়াঘাটায় দুইশত ৫০ জন, দিঘলিয়ায় চারশত ৫০ জন, ডুমুরিয়ায় তিনশত ৪৯ জন, ফুলতলায় ছয়শত ২২ জন, কয়রায় ছয়শত ৭৬ জন, পাইকগাছায় এক হাজার ৩৪ জন, রূপসায় চারশত ৫৮ জন ও তেরখাদায় দুইশত ৯৬ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া মঙ্গলবার নগরীর পাঁচটি হাসপাতালে একশত ৫৩ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় ছয়শত ১৭ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
সাতক্ষীরায় দূর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে সাতক্ষীরায় দূর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা তালা উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা প্রাঙ্গণে এ দূর্যোগ প্রশমন মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ
কুমার, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক, মো. তারেক হাসান ভুইয়া, সাতক্ষীরা সদর উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার অর্ঘ্য দেব নাথ, খলিলনগর চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন
প্রমুখ। এ সময় সেখানে অগ্নিকান্ড, ভূমিকম্পসহ প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষকে প্রাথমিক ভাবে কিভাবে উদ্ধার করতে হয় সেগুলো প্রদশর্নীর মাধ্যমে তুলে ধরা হয়।
খুলনায় নগর কেন্দ্রিক ইপিআই টিকাদান বিষয়ে কর্মশালার উদ্বোধন
তথ্য বিবরনী
বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় খুলনা সিটি কর্পোরেশনে বাস্তবায়নাধীন এমএসিপি প্রকল্পের নগর কেন্দ্রিক সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন মঙ্গলবার নগরীর সিটি ইন হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সিটি মেয়র তাঁর বক্তৃতায় বলেন, কেসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিকের পাঁচটি মৌলিক অধিকারের একটি স্বাস্থ্যসেবা। এটি নিশ্চিতে আমরা আরবান হেলথ ক্লিনিক করতে সক্ষম হয়েছি। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নে খুলনা সিটি কর্পোরেশন এলাকা কিছুটা পিছিয়ে আছে। তিনি বলেন, সকল ওয়ার্ডে টিকা দেয়ার ব্যবস্থা থাকার পরও পিছিয়ে থাকার কারণ খতিয়ে দেখতে হবে। এ ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য প্রতিমাসে টিকা বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হকের সভাপতিত্বে কর্মশালায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, বিশ^স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগের সমন্বয়ক ডাঃ মোঃ আরিফুর রহমান, ইউনিসেফের চিফ ফিল্ড অফিসার কাউসার হোসেন বক্তৃতা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার (ইপিআই) ডাঃ মাওলা বক্স এবং প্রফেসর ডাঃ এমএ হালিম। স্বাগত জানান কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ একেএম আব্দুল্লাহ।
কর্মশালায় খুলনা সিটি কর্পোরেশনের এলাকাধীন ইপিআই সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করছেন।
পরিবেশ উপমন্ত্রীর খুলনা সফরসূচি
তথ্য বিবরণী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ছয় দিনের সফরে আজ ১২ অক্টোবর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বাগেরহাট ও খুলনায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। তিনি ১৭ অক্টোবর সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
শেখ রাসেল দিবস উদযাপনে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৮ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রাতা শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস’ উদযাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কালজয়ী মুজিব এর পাশে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টা ৩০ মিনিটে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালিকা) গল্লামারীতে পাঠাগার উদ্বোধন, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল। উক্ত কর্মসূচিতে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায়
বাগেরহাট প্রতিনিধি
সারা দেশের মত বাগেরহাটেও করোনা পরিস্থিতির উন্নতি ঘটছে। গেল দুইদিন ধরে বাগেরহাটে কারও করোনা শনাক্ত হয়নি। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে পাওয়া রিপোর্টে ১৮ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এর আগে সোমবার (১১ অক্টোবর) প্রাপ্ত রিপোর্টে ৭০ জনের নমুনা পরীক্ষায়ও করোনা শনাক্তের পরিমান শূন্য ছিল। সব শেষ রবিবার (১০ অক্টোবর) প্রাপ্ত রিপোর্টে ৬৭ জনের নমুনা পরীক্ষায় মাত্র ৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এদিক দিয়ে সংক্রমনের হার অনেক নিম্নমুখি। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষ। তবে সংক্রমণের হার শূন্যে রাখতে সকলকে টিকা গ্রহন ও স্বাস্থ্য বিধি মানার অনুরোধ করেছেন বাগেরহাটের সিভিল সার্জণ ডা. জালাল উদ্দিন আহমেদ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার ৯ উপজেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৯০৪ জন সুস্থ্য হয়েছেন। মারা গেছেন ১৪৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।
অন্যদিকে সোমবার (১১ অক্টোবর) রাত পর্যন্ত বাগেরহাটে ৫ লক্ষ ৯২ হাজার ৯৭২ জন মানুষ অনলাইনে টিকার জন্য আবেদন করেছেন। এদের মধ্যে ৪ লক্ষ ৭৯ হাজার ৩১৩ জন টিকা নিয়েছেন। টিকা গ্রহিতাদের মধ্যে ১ লক্ষ ৮৮ হাজার ৬৬ জন নিয়েছেন দুই ডোজ এবং ৩ লক্ষ ৯৫ হাজার ৪৯২ জন পেয়েছেন প্রথম ডোজ। বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত ৬ লক্ষ ৬৮ হাজার ২০০ টিকা পেয়েছে। বর্তমানে ৭৭ ৯১৮ ডোজ টিকা মজুদ রয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, প্রথম থেকেই বাগেরহাট জেলাকে করোনামুক্ত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু মাঝে করোনা শনাক্ত ও মৃত্যুর পরিমান তুলনামূলক বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে করোনা শনাক্তের হার অনেক কম। বেশিরভাগ দিনই একজন অথবা শূন্যের কোঠায় থাকে। গেল দুই দিনের রিপোর্টে বাগেরহাটে করোনা শনাক্তের হার শূন্য রয়েছে। এ থেকে আমরা মনেকরি বাগেরহাটে করোনা পরিস্থিতি অনেক ভাল। তবে এই অবস্থা ধরে রাখতে সকলকে আরও বেশি সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকার বিনামূল্যে টিকা দিচ্ছে। স্বাস্থ্য বিভাগও সকলকে টিকা প্রদানের জন্য চেষ্টা করছে। অনলাইনে নিবন্ধন করেন সকলকে টিকা গ্রহণের অনুরোধ জানান তিনি।
নানা আয়োজনে বাগেরহাটে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাগেরহাট প্রতিনিধি
র্যালী, আলোচনা সভা, কেককাটা ও মিস্টি বিতরণের মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ, বাগেরহাট জেলা শাখার সভাপতি খান রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ফরিদ উদ্দিন, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মনি মল্লিক, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সহকারী এইচ এম শাহিন, বাগেরহাট জেলা ছাত্র লীগের সভাপতি মনিরুজ্জামান,কচুয়া উপজেলা শ্রমীক লীগের সভাপতি খান শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি প্রমুখ।
আলোচনা সভা শেষে রেল রোড থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে ৫২ পাউন্ডের কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন শেষ করে সংগঠনটি। এসব অনুষ্ঠানে জেলা শ্রমিক লীগ, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
বাগেরহাটে ধর্ষণ চেষ্টা মামলায় এক ব্যক্তির সাত বছরের কারাদন্ড
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ধর্ষণ চেষ্টা মামলায় শংকর মৌলিক (৫১) নামের এক ব্যক্তিকে ৭ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে আসামীর অনুপস্থিতিতে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোঃ নুরে আলম এই দন্ডাদেশ প্রদান করেন। সেই সাথে আসামীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয় আদালত।
দন্ডাদেশ প্রাপ্ত শংকর মৌলিক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জঘন্নাত মৌলিকের ছেলে।দন্ডাদেশ প্রাপ্ত মৌলিক দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
মামালা সূত্রে জানা যায়, ধর্ষণ চেষ্টার অভিযোগে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এক নারী ২০১৭ সালের ২২ জুলাই শংকর মৌলিকের নামে মামলা দায়ের করেন। একই বছর ৪ ডিসেম্বর শংকর মৌলিককে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশীট দাখি করে পুলিশ। পরবর্তীতে দীর্ঘ শুনানী ও ১০ জন সাক্ষির স্বাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৪) (খ) ধারা এই দন্ডাদেশ দেন আদালত।
স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর তিন বছরের কারাদন্ড
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে স্ত্রীর করা যৌতুক মামলায় সেলিম হাওলাদার (৩৫) নামের এক দিনমজুরকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে আসামীর অনুপস্থিতিতে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোঃ নুরে আলম এই দন্ডাদেশ প্রদান করেন। সেই সাথে আসামীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয় আদালত।
দন্ডাদেশ প্রাপ্ত সেলিম হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামের মৃত মুনছুর হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে সেলিম হাওলাদার।
মামলা সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে অত্যাচার ও নির্যাতনের অভিযোগ এনে ২০১৬ সালের ০৭ ফেব্রুয়ারী সেলিম হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার স্ত্রী। পরবর্তীতে একই বছর ৪ মে পুলিশ সেলিম হাওলাদারের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন আদালতে। পরবর্তীতে দীর্ঘ শুনানী ও ৫ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ১১(গ) ধারায় সেলিম হাওলাদারকে এই দন্ডাদেশ দেন আদালত।
সব ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে : মঞ্জু
।। খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই এই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। যেকোনো ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক বিভেদ রেখা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলনের সূচনা করে। শারদীয় দুর্গাপূজার উৎসব সবার মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। এই উৎসব বাংলাদেশের একটি সার্বজনীন উৎসব।
মঙ্গলবার (১২ অক্টোবর) নগরীর ধর্মসভা, ডেল্টাঘাট, সোনাপট্টি, সাহেবের কবর খানা, শান্তিধাম মোড় ও শীতলাবাড়ি পুজামন্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। সাবেক সাংসদ মঞ্জু আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। দেবী দুর্গা আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে অশুরকে পরাজিত করার জন্য, অন্যায়কে পরাজিত করার জন্য, নির্যাতন-নিপীড়নকে পরাজিত করার জন্য, সত্য-সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য এবং তিনি (দেবী দুর্গা) পরাজিত করেছিলেন সেই অশুরকে, অসত্যকে, অসুন্দর ও অন্যায়কে। সেজন্য এই পূজা সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা। মঞ্জু আরও বলেন, যে কোন ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধ জাগরিত করে। সকল ধর্মের মর্মবানী শান্তি ও মানব কল্যাণ। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সকলের কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অশুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে। সেই বাণীকে আত্মস্থ করেই দুর্গাপুজার উৎসবের আনন্দ সকলে মিলে ভাগ করে নিতে হবে। সব ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রতিবদ্ধ। বিএনপি ‘সংখ্যাগুরু-সংখ্যালঘু’ তত্ত্বে বিশ্বাস করেনা। সবাই বাংলাদেশি-এটাই হোক আমাদের বড় পরিচয়। পুজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এড. বজলার রহমান, আনোয়ার হোসেন, নাজির উদ্দীন নান্নু, শাহাবুদ্দিন মন্টু, আব্দুল জব্বার, নাসির খান, রবিউল ইসলাম রবি, জাকারিয়া হোসেন লিটন, মাজেদা খাতুন, জামাল উদ্দীন মোড়ল, হাবিবুর রহমান কাজল, সাজ্জাত হোসেন জিতু, মাসুদ রেজা, কাওসারী জাহাজ মঞ্জু, মোহাম্মদ আলি, জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, জাকির হোসেন, লাকি আক্তার, আবু জাফর, তুহিন ইসলাম, হাসান বাপ্পী, কামাল হোসেন, মাসুদ, ইউনুস, শাহিন, রফিক প্রমুখ।
অভয়নগরে বি আর ডি বি’র তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
যশোরের অভয়নগরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কলাকৈাশলের উপর অভীষ্ঠ উপকার ভোগী সদস্যদের মাঝে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বি আর ডি বি’র প্রশিক্ষণ হল রুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন ও প্রধান অতির্থীর বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় বিশেষ অতির্থী হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা রিজিবুল ইসলাম সহ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহদী হাছান, বি আর ডি বি’র চেয়ারম্যান আবু তাহের। এপ্রশিক্ষণ কর্মশালায় অপ্রধান শস্য উৎপাদন দলের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ সহ ৪০ জন অংশ গ্রহন করেন।
কিশোরী শারমিনের আহব্বানে কালিগঞ্জে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী শারমিন আহম্মেদ এশার আহব্বানে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, ধর্মীয় নেতা, ইমাম, কাজী ও বিবাহ নিবন্ধকদের নিয়ে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কিশোরী শারমিন আহম্মেদ এশা। উপজেলা ইমাম সমিতির সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কালিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটির মাধ্যমে কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিতে কাজ করা হবে এবং বাল্য বিবাহ বন্ধে শিশু বিবাহের ঝুঁকিতে থাকা শিশুদের মনিটরিং এর আওতায় নিয়ে আসা হবে। আলোচনায় অংশ নিয়ে উপজেলা ইমাম সমিতির সভাপতি বলেন, প্রতি শুক্রবার জুমার নামাজের সময় খুৎবার মাধ্যমে নারী শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে আলোচনা করা হবে। কালিগঞ্জ পেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু বলেন, বাংলাদেশের প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষনা হওয়ার পরেও দিন দিন বাল্য বিবাহ বাড়ছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। সবাই মিলে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। মোর্শেদুল আলম রিপনের সঞ্চলনায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ উদ্যাপনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আশিক বিল্লাহ, অপারেশনস্ ম্যানেজার শ্যামনগর ও কালীগঞ্জ এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও অনুষ্ঠানোর সভাপতি শারমিন আহম্মেদ এশা। শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭-এর বিভিন্ন দিক সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মোক্তার হোসেন, সোশাল ইনক্লুশন স্পেশালিস্ট, নবযাত্রা প্রকল্প, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ। উপজেলার বাল্য বিবাহের বর্তমান পরিস্থিতিতে সকল কন্যা শিশুদের সুরক্ষা ও বাল্য বিবাহ বন্ধের জন্য আবেদন জানিয়ে সকল কন্যা শিশুদের পক্ষে বক্তব্য রাখেন শারমিন আহম্মেদ এশা। উপজেলার বিভিন্ন এলাকা হতে ৪৫ জন ইমাম ও কাজীগন এবং উপস্থিত সকলে অঙ্গিকারাবদ্ধ হন যে তারা কন্যা শিশুদের সুরক্ষায় কাজ করবেন এবং শপথ করেন যে সকলে বাল্য বিবাহ বন্ধে কাজ করবেন এবং বাল্য বিবাহ বন্ধের জন্য উপজেলার সাথে সমন্বয় করবেন। সকল কাজী ও ইমামগন প্রতিশ্রুতি বদ্ধ হন যে তারা বাল্য বিবাহ নিরুৎসাহিত করবেন। সভাপতির বক্তব্যে শারমিন বলেন,” আমি এ উপেেজলার তথা সারা বাংলাদেশের সকল কন্যা শিশুদের জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে এদেশের সকল কন্যা শিশুদের বিকাশের সুযোগ দিতে হবে। আমাদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যেন নির্ভয়ে চলাচল করতে পারি। শিক্ষা গ্রহনের সুযোগ পাই। বাল্য বিবাহের মতো ঘৃন্য কাজে সবাইকে নিরুৎসাহিত করতে হবে। শারমনি বলেন, বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিৎ এবং কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিবারে ছেলে শিশুদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শুধু সরকারী দপ্তরের পক্ষে এই সমস্যা সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন সকলের ঐকান্তিক প্রচেষ্টা। শিশুদের সুরক্ষার জন্য ও বাল্য বিবাহ বন্ধের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আইন শৃংখলারক্ষাকারী বাহিনী এবং উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেছে দাতা সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নেতৃত্বে বাস্তবায়নাধীন নবযাত্রা প্রকল্প।
ঝিনাইদহে ১০ বছরের কণ্যা শিশুর মৃত্যু নিয়ে ধোয়াশা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে থেকে ২য় শ্রেনীর স্কুল ছাত্রী রানী খাতুন (১০)’র মৃত্যু নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। শিশুটির বাবার বাড়ির লোকজন বলছেন মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। আর নানার বাড়ির লোকজন বলছে তার মৃত্যু স্বাভাবিক।
জানা যায়, ২০০৯ সালে শহরের কানঞ্চনপুর গ্রামের আব্দুর রাকিবের সাথে সদর উপজেলার চুটলিয়া গ্রামের ইলিয়াস কাজীর মেয়ে ঝর্না খাতুনের বিয়ে হয়। ২০১৪ সালে পারিবারিক কলহের কারণে তাদের বৈবাহিত সম্পর্ক বিচ্ছেদ হয়। এরপর থেকে রানীর মা তার বাবার বাড়ীতে থাকতো। শিশু রানী বাবা ও নানার বাড়িতে আসা যাওয়া করত। গত ১০ অক্টোবর বাবার বাড়ী থেকে জ্বর নিয়ে চুটলিয়া গ্রামে তার নানা বাড়ীতে আসে রানী।
শিশুটির মা ঝর্ণা খাতুন বলেন, রাত ১০ টার দিকে ওর গায়ে জ্বর ছিল। আমি কম্বল গায়ে জড়িয়ে দিয়েছিলাম। রানী টিভি দেখছিল । আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত ২ টার দিকে উঠে দেখি ও বিছানায় নেই। পরে আমার বাবাকে ডেকে বাইরে বের হলে দেখি বাথরুমের সামনে মুখ থুবড়ে পড়ে আছে।
নানা ইলিয়াস কাজী জানান, আমি ওকে ঘাড়ে তোলার পর ২ টি ঝাকি দিল। তারপর সে মারা গেছে। ওর গায়ে জ্বর ছিল খুব।
এদিকে শিশুটির পিতা আব্দুর রাকিব অভিযোগ করে বলেন, আমার মেয়েকে মারধর করেছে। মারধরের কারণেই ও মারা গেছে। জ্বর হলে কেউ কি মারা যায় নাকি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ সোহেল রানা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্য হয়েছে ময়না তদন্ত ছাড়া এখনই বলা সম্ভব হচ্ছে না।
রূপান্তরের করোনা রিকোভারী প্রকল্পের ইয়ুথ গ্রুপ গঠন শুরু
খবর বিজ্ঞপ্তি।।
করোনাকালীন সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে জাতীয় পর্যায়ের উন্নয়ন সংগঠন ‘রূপান্তর’ সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী পুনর্বাসন উদ্যোগ’(ঝঈজঊঅগ) শীর্ষক প্রকল্পের আওতায় ইয়ুথ গ্রুপ গঠনের কার্যক্রম শুরু করেছে।
গতকাল রূপান্তর ট্রেনিং সেন্টারে খুলনা মহানগরীর ৩১ সদস্য বিশিষ্ট ‘স্ক্রীম ইয়ুথ গ্রুপ’ গঠিত হয়। সকালে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্ক্রীম প্রকল্পের পরিচালক এবং রূপান্তরের পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন কর্মসূচীর প্রধান ফারুক আহমেদ। সভা পরিচালনা করেন প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিজউল্লাহ। সভার বিভিন্ন সেশন পরিচালনা করেন প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটর সৈয়দা সুবহা এবং সহায়তায় ছিলেন ফিল্ড অফিসার মোশারেফ আলী সোহেল, আকাশ সাহা, মনিরুল ইসলাম প্রমুখ। এর আগে গত পরশু সোমবার দাকোপ উপজেলায় একই প্রল্পের অনুরূপ ইয়ুথ গ্রুপ গঠন করা হয়। পর্যায়ক্রমে প্রকল্পের অন্যান্য এলাকা যেমন, বটিয়াঘাটা, মোংলা, শরণখোলা, বাগেরহাটে অনুরূপ ইয়ুথ গ্রপ গঠন করা হবে। উল্লেখ্য, এলাকাভিত্তিক এ ইয়ুথ গ্রুপগুলি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট থেকে স্বেচ্ছাব্রতি হয়ে প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখবে।
মূলত খুলনা উপকূলীয় এলাকার অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বাড়িয়ে চলমান করোনা মহামারিতে সৃষ্ট নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোই প্রকল্পের মূল লক্ষ্য।
রূপসায় চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হুমকি ধামকিতে প্রতিবাদ সমাবেশ
রূপসা প্রতিনিধি
রূপসার শ্রীফলতলা ইউনিয়নের চেয়ারম্যান’র পুত্র রনি সরদারসহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন ব্যবসায়ী সম্ভব্য ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন মোল্যার বাড়িতে প্রবেশ করে হুমকি ধামকির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ব্যবসায়ী বাদী হয়ে রনিসহ অঞ্জাতনামাদের বিবাদি করে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাগেছে, উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী দেলোয়ার হোসেন মোল্যার বাড়িতে ৯অক্টোবর রাত ১১টার সময় নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীর ছেলে রনির নেতৃত্বে অজ্ঞাত৫০/৬০টি মোটরসাইকেল নিয়ে তার বাড়ির সামনে গেটের ভিতরে প্রবেশ করে গেটে লাথি মারে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এসময় তারা আতংক সৃষ্টি করার লক্ষে পটকা বাজি ফুটায়। বাজির শব্দে তার বৃদ্ধ মাতা অসুস্থ হয়ে পড়েন। এছাড়া তারা এলাকার সাধারন মানুষদের এবং প্রতিপক্ষদের ভয় ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বর্তমান ইউপি চেয়ারম্যান ও তার পুত্র রনি সহ প্রায় ৫০/৬০টি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে গালিগালাজ ও হুমকি ধামকি দেয়।
এ সকল ঘটনার প্রতিবাদে ১২ অক্টোবর বিকালে শ্রীফলতলা ইউনিয়নের পালের বাজার এলাকায় ৬টি গ্রামের মানুষ একত্র হয়ে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন মোল্যা, আব্দুল গফফার, ইউপি সদস্য সাইদুর রহমান,সিদ্দীক হালদার,আব্দুস সালাম হালদার, অহিদ মল্লিক, ইকবাল মল্লিক, ওমর শেখ, শরিফ শেখ, আব্দুল কাদের শেখ প্রমূখ। সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এক ঘণ্টার এডিসি স্কুলছাত্রী অরিন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে এক ঘণ্টার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেছে মাহিয়া তামিম অরিন নামের এক স্কুলছাত্রী। সে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) শিশু সাংবাদিক।
সোমবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজার কাছ থেকে ‘প্রতীকী দায়িত্ব’ নেয় মাহিয়া তামিম অরিন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এনসিটিএফ ঝিনাইদহের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘গার্লস টেকওভার’ ক্যাম্পেইনে কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। স্কুলছাত্রী মাহিয়া তামিম অরিন তার এক ঘণ্টা দায়িত্বপালনকালে এডিসি কার্যালয়ে অবস্থান করে ও অফিসের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে।
ঝিনাইদহের এডিসি সেলিম রেজা এসময় প্রতীকী এডিসি মাহিয়া তামিম অরিনকে তার পদের কী কী দায়িত্ব সে সম্পর্কে ধারণা দেন। এছাড়া কীভাবে একটি অফিসের বিভিন্ন দায়িত্বপালন করতে হয় সে বিষয়ে পরামর্শ দেন।
এডিসি সেলিম রেজা বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। যদি তাদের পর্যাপ্ত সুযোগ করে দেওয়া যায় তবেই একটি সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব। এ শিশুরাই সমাজের বিভিন্ন বড় জায়গায় আসবে, সমাজকে নেতৃত্ব দেবে।
এনসিটিএফ ঝিনাইদহের ডিসট্রিক্ট ভলেন্টিয়ার তামান্না-ই-জাহান প্রেমা ও আজমির রহমান তরুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু-বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন রানা, ঝিনাইদহ কালচারাল অফিসারসহ এনসিটিএফের সদস্যরা।
আড়াই কোটি টাকা আত্মসাতের সব দায় আব্দুস সালামের!
যশোর অফিস
চেক জালিয়াতের মাধ্যমে যশোর শিক্ষাবোর্ডের আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে হিসাব সহকারী আব্দুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বোর্ড কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বোর্ড সচিব প্রফেসর এএমএইচ আলী আর রেজা।
সচিব জানান, অর্থ আত্মসাতের পুরো ঘটনার দোষ সালাম নিজে স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি ১৫ লাখ ৪২ হাজার টাকা ফেরত দিয়েছেন।
তিনি আরও বলেন, রোববার (১০ অক্টোবর) বিকেলে সালাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত দিয়ে সব দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন ও পে-অর্ডারের মাধ্যমে টাকা জমা দেন। সালামের পক্ষ থেকে তার স্ত্রী লিখিত আবেদন করেন ও টাকা জমা দেন। এরপর সোমবারের বোর্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সালামকে সাময়িক বরখাস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোর শিক্ষাবোর্ডের আড়াই কোটি চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেন বোর্ডের সচিব এএমএইচ আলী আর রেজা। রোববার সকাল ১০টায় দুদক যশোর কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ দেন। এরপর দুপুর ১২টার দিকে দুদক কর্মকর্তারা বোর্ডে গিয়ে তদন্ত শুরু করেন। অভিযুক্ত ঠিকাদার শরিফুল ইসলাম বাবু ও আশরাফুল আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলহোতা হিসাব সহকারী আব্দুস সালাম অনুপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ ১০ হাজার ৩৬ টাকার ৯টি চেক ইস্যু করে। চেকগুলো জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নামে এক কোটি ৮৯ লাখ ১২ হাজার ১০ টাকা এবং শাহী লাল স্টোরের নামে ৬১ লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। সরকারি ছুটি থাকায় ঘটনা প্রকাশ্যে আসার দুইদিন পর বোর্ডের সচিব এএমএইচ আলী আর রেজা দুদক কার্যালয়ে গিয়ে টাকা আত্মসাতের ঘটনায় অভিযোগ করেন। দুদকের কর্মকর্তাদের তদন্ত শেষ হওয়ার পর সালামের স্ত্রী লিখিতভাবে দোষ স্বীকার করেন ও টাকা ফেরত দেন।
সালামের স্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, চেক জালিয়াতের ঘটনায় আব্দুস সালাম ব্যক্তিগতভাবে দায়ী। শিক্ষাবোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারী, ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও শাহী লাল স্টোরের কেউ জড়িত নয়। পূর্ব পরিচিতির সূত্র ধরে দুই প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার তিনি টাকা উত্তোলন করেছেন। নিজ প্রয়োজনে খরচ করে ফেলেছেন। ওই টাকা তিনি ফেরত দিতে ইচ্ছুক। তাই ১৫ লাখ ৪২ টাকা ফেরত দিচ্ছেন। পর্যায়ক্রমে সব টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন।
তবে লিখিতভাবে হিসাব সহকারী আব্দুস সালাম সব দোষ নিজের কাঁধে নিয়ে বাকিদের ‘দায়মুক্তি’ করে দেওয়ায় সন্দেহ দানা বেঁধেছে। প্রলোভন বা হুমকিতে সালামের কাছ থেকে এ লিখিত নেওয়া হয়েছে কি না, তা নিয়ে বোর্ড সংশ্লিষ্টদের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন বলেন, বোর্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে বোর্ডের পক্ষ থেকে দুদকে অভিযোগ করা হয়েছে। আইনের মাধ্যমে পুরো ঘটনার নিষ্পত্তি হবে। দোষীরা কোনোভাবেই রেহাই পাবেন না।
মোংলার বিভিন্ন পূজা মন্দির ও মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আরিফুল হক
মোংলা প্রতিনিধি
মোংলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে,এম আরিফুল হক। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি পৌর শহরের কেন্দ্রীয় বটতলা মন্দির, বঙ্গবন্ধু সড়কের সোনাপট্টি মন্ডপ, টাটিবুনিয়া মন্দির, দিগরাজ ও বুড়িরডাঙ্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির-মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল ও মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। বিভিন্ন মন্দির-মন্ডপে গিয়ে পুলিশ সুপার আরিফুল হক সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় কুশল বিনিয়ম ও তাদের খোঁজ খবর নেন। করোনা বিধি নিষেধ মেনে দূর্গোৎসব উদযাপন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবাণও জানান তিনি। তিনি আরো বলেন, পুলিশের পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিজেরকেই নিশ্চিত করতে হবে। তারপরও কোথাও কোন ধরণের বিশৃঙ্খলার খবর পেলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য বলেন তিনি।
এবার মোংলায় ৩৭টি মন্দির-মন্ডপে শান্তিপূর্ণ জাকজমক পরিবেশের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজা।











































