স্টাফ রিপোর্টার ।।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইজিবাইক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের হোগলাডাঙ্গা বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যান চালককে আটক করেছে।
নিহতরা হলেন- ইজিবাইক চালক জিল্লুর (৪৫), ইজিবাইকের যাত্রী আনোয়ার হোসেন বাবু (৩৫) ও কাজল (৩২)। দুর্ঘটনায় আহত লিটন পাণ্ডে নামের এক যাত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহতদের মধ্যে জিল্লুরের বাড়ি হরিণটানা থানার জয়খালী এলাকায়। তার বাবার নাম এমদাদুল হক। অন্য দু’জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে কৈয়া বাজার থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিল। বিপরীত দিক থেকে অনলাইন-ভিত্তিক ডেলিভারি প্রতিষ্ঠান দারাজের একটি গাড়ি কৈয়া বাজারের দিকে যাচ্ছিল। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা পাওয়ার স্টেশনের কাছে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
নগরীর হরিণটানা থানার ওসি এনামুল হক জানান, সংঘর্ষের সময় ইজিবাইক যাত্রী আনোয়ার হোসেন বাবু ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় জিল্লুর, কাজল ও লিটন পাণ্ডেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় জিল্লুর ও কাজল মারা যান।
তিনি আরও বলেন, পুলিশ কাভার্ডভ্যান ও চালককে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।











































