সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেন সংকটের কারনে কয়েক ঘন্টার ব্যবধানে ৭ মৃত্যুর ঘটনার তদন্তে আরও একটি কমিটি গঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় এই কমিটি ঘটনাস্থলে এসে তদন্ত করবে বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত। খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা দুই সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেন।কমিটির প্রধান হয়েছেন খুলনা মেডিকেল সাবডিপোর সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম গাজী। কমিটির অপর সদস্য হলেন মোংলা পোর্ট স্বাস্থ্য কর্মকর্তা ড. মোশাররফ হোসেন। এর আগে একই ঘটনায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খুদা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন।এই কমিটিতে রয়েছেন ডা. সাইফুল্লাহ ও ডা. মারুফ ।
তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।উল্লেখ্য যে, গত ৩০ জুন বুধবার বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে অক্সিজেন সংকটের কারনে আইসিইউ, সিসিইউ এবং সাধারণ করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৭ জন মারা যান। মৃতদের প্রথম ৪ জন ছিলেন করোনা পজিটিভ। সকাল থেকে অক্সিজেন সংকট দেখা দিলে ডাক্তাররা কর্তৃপক্ষকে তা অবহিত করেন।কিন্তু যথা সময়ে সাতক্ষীরার সেন্ট্রাল অক্সিজেন পন্ড পূরণ না করায় অক্সিজেনের প্রেশার কমতে থাকায়। একপর্যায়ে এর লেভেল কমে যাওয়ায় রোগীরা ছটফট করতে থাকেন। এসময় যে যার মত অক্সিজেন সিলিন্ডার বাইরে থেকে নিয়ে এসে রোগীদের বাচানোর চেষ্টা করে ব্যর্থ হন। রাত ৮টার মধ্যে ৮ জন রোগী মারা যান। এর আগে ওইদিনই করোনা উপসর্গে আরও ৬ জন সহ ১৪ জনের মৃত্যু ঘটে। ডা. হুসাইন শাফায়েত বলেন, রোববার তদন্ত কমিটির অনুসন্ধানে এই মৃত্যুর কারন বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি।











































