Home আঞ্চলিক বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু: খুলনায় সর্বোচ্চ: নতুন ইউনিট চালু

বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু: খুলনায় সর্বোচ্চ: নতুন ইউনিট চালু

8

০ স্টাফ রিপোর্টার

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে শুক্রবার (২ জুলাই) বিভাগটিতে ২৭ জনের মৃত্যু হয়েছিল। শনিবার (৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ ১১ জন, যশোরে ৮জন, কুষ্টিয়ায় ৫জন, ঝিনাইদহে ৩জন, চুয়াডাঙ্গায় দু’জন, নড়াইলে দু’জন ও মেহেরপুরে একজন মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৯ হাজার ২৬০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। এ সময়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৬৫২ জন।

খুলনার তিন হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু: খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (৩ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪জনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘন্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন নগরীর ফুলবাড়িগেটের আনোয়ারা খাতুন (৩২), সোনাডাঙ্গার নাজমা (৪৪), রূপসার নুর ইসলাম (৬৬), ডুমুরিয়ার মোশারফ (৬৩), সাতক্ষীরার শ্যামনগরের সূবর্ণা (৫৫) ও যশোর সদরের মো. শরিফুল (৪২)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২১৩ জন। যার মধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়ালো জোনে ৬০ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২৬ জন। গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনার মহানগরীর দারুসসালাম মসজিদ এলাকার মানসুরা বেগম (৫৩), ফুলতলার বিবেক কুন্ডু (৫৩), রূপসার রহিমনগর এলাকার আব্দুল মান্নান সরদার (৬০) ও বাগেরহাটের চিতলমারী উপজেলার আওয়াল শিকদার (৭০)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ১০৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন ও  এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। পিসিআর ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজেটিভ এসেছে। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় যশোরের বারান্দিপাড়ার আলেয়া বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন, তার মধ্যে ৩৩ জন পুরুষ ও ৩৭ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১২জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

খুলনার আবু নাসের হাসপাতালে করোনা ইউনিট চালু: রোগির চাপ সামলাতে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে। শনিবার (০৩ জুলাই) সকাল ১০ টায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ভার্চুয়ালী উদ্বোধনের পর রোগর ভর্তি নেওয়া শুরু হয়। প্রথমে দুইজন রোগী ভর্তির মধ্য দিয়ে তৃতীয় এ করোনা ইউনিটটি চালু হলো। এখানে শুধুমাত্র করোনা পজেটিভ রোগীদের ভর্তি নেওয়া হবে। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।