Home খেলাধুলা নারী চ্যাম্পিয়ন্স ট্রফি হারিয়ে ২৪৪ কোটি টাকার ক্ষতি শ্রীলঙ্কার

নারী চ্যাম্পিয়ন্স ট্রফি হারিয়ে ২৪৪ কোটি টাকার ক্ষতি শ্রীলঙ্কার

13

স্পোর্টস ডেস্ক।।

নারী চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসর আয়োজনের সুযোগ হারিয়েছে শ্রীলঙ্কা। রাজনৈতিক হস্তক্ষেপ ও ক্রিকেট বোর্ডের প্রশাসনিক জটিলতার কারণে দেশটির কাছ থেকে টুর্নামেন্টটি সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এর ফলে প্রায় ২ কোটি মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৪ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু আইসিসি বোর্ড মঙ্গলবার শ্রীলঙ্কার পরিবর্তে ভারতকে নতুন আয়োজক হিসেবে অনুমোদন দিয়েছে। আগামী বছরের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি মুম্বাই ও ভাদোদরায় অনুষ্ঠিত হবে ছয় দলের এই টুর্নামেন্ট।

শ্রীলঙ্কার ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, নারী চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে পর্যটন, বাণিজ্যিক কার্যক্রম এবং আন্তর্জাতিক প্রচার থেকে বড় ধরনের অর্থনৈতিক সুবিধার আশা করেছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টটি হাতছাড়া হওয়ায় সেই সম্ভাব্য আয় থেকেও বঞ্চিত হবে দেশটি।

আইসিসির এই সিদ্ধান্তের পেছনে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রশাসনিক কাঠামো নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। বর্তমানে দেশটির ক্রিকেট বোর্ড সরকার-নিযুক্ত একটি ট্রান্সফরমেশন কমিটির অধীনে পরিচালিত হচ্ছে। নির্বাচিত প্রশাসনের পরিবর্তে সরকারি নিয়ন্ত্রণে থাকা এই কাঠামো নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগের সমাধান এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বোর্ড নির্বাচন আয়োজন না করলে আয়োজক স্বত্ব হারানোর ঝুঁকি রয়েছে। কয়েক মাস আগেই শ্রীলঙ্কা ক্রিকেটকে এমন সতর্কবার্তা দিয়েছিল আইসিসি।

এদিকে আয়োজক স্বত্ব হারালেও নারী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ এখনো আছে শ্রীলঙ্কার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে। ষষ্ঠ দল হিসেবে জায়গা পেতে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ষষ্ঠ এবং শ্রীলঙ্কা সপ্তম স্থানে রয়েছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে থাকতে পারলে আয়োজক না হয়েও ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে শ্রীলঙ্কা।

ছয় দলের টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।