Home জাতীয় গাড়ি পোড়ানো মামলায় ১২০ বিএনপি কর্মীকে আগাম জামিন

গাড়ি পোড়ানো মামলায় ১২০ বিএনপি কর্মীকে আগাম জামিন

11

ঢাকা অফিস

ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনের দিন বিএনপি-জামায়াত-শিবির ও বহিরাগত সন্ত্রাসীরা যাত্রীবাহী বাসে অগ্নিসন্ত্রাস চালায়। গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ১২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ওই দিন ঢাকায় ছয়টি গাড়িতে আগুন দেয়। সব মিলিয়ে এগারোটি যাত্রীবাহী বাসে পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস চালানো হয়। ২০১৫ সালে বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচীতে যেভাবে যাত্রীবাহী বাসে অগ্নিসন্ত্রাস চালিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে, ঠিক একই কায়দায় এবারও অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটানো হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার হয়েছেন প্রায় অর্ধশত বিএনপি-জামায়াত-শিবির ও বহিরাগত পেশাদার সন্ত্রাসী ও বোমাবাজ। এদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অনেকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদেই বিএনপির শীর্ষসহ বিভিন্ন স্তরের নেতাদের নির্দেশে যাত্রীবাহী বাসে অগ্নিসন্ত্রাস চালানো হয় বলে অনেকেই পুলিশকে জানিয়েছেন। বাস পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলার আসামি পাঁচ শতাধিক। অন্য আসামিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

বুধবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ১২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে। ২০২১ সালের ৫ জানুয়ারি পর্যন্ত তাদের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

আদালতে বিএনপির নেতাকর্মীদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে সকালে আগাম জামিন নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা-১৮ উপনির্বাচনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ দেড় শতাধিক নেতাকর্মী আদালতে উপস্থিত হন।

গত ১২ নবেম্বর ঢাকা-১৮ নম্বর সংসদীয় আসনে উপনির্বাচনের দিন আচমকা ঢাকায় অন্তত এগারোটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।