ঢাকা অফিস।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে আমাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জানাই। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা করি।’
এর আগে, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই।
তিনি বলেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলিম অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন।
তিনি আরও বলেন, ‘ঈদুল আজহার ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শকে সমুন্নত রাখে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার জন্য অত্যন্ত অপরিহার্য।’
ভারতের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পারস্পরিক আকাক্সক্ষার ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে।’
তিনি বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে জনমুখী পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে ভারত সরকার বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’
মোদি আশা প্রকাশ করে বলেন, ‘দ্বিপক্ষীয় অভিন্ন উন্নয়নের লক্ষ্য ও ভাবনা দুই দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।’
নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন এবং সেই সঙ্গে বাংলাদেশের জনগণের নিরবচ্ছিন্ন অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।











































