ক্রীড়া প্রতিবেদক।।
চলতি বছরের ডিসেম্বরে বিপিএল শুরু হয়ে জানুয়ারিতেই শেষ করা যাবে বলে মনে করে বিসিবি। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়ার কথা। তার আগেই বিপিএল শেষ করার চেষ্টা করা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের পর নতুন কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে বিপিএলের দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আর সদস্য সচিব হয়েছেন ইফতেখার রহমান মিঠু। এবারের আসরে সবচেয়ে আলোচিত বিষয় ছিল কত দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসর। আগেই গুঞ্জন উঠেছিল- আগের আসরের তুলনায় দল সংখ্যা কমতে পারে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য হলো।বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এবারের বিপিএলে সর্বোচ্চ পাঁচটি দল অংশ নিতে পারবে। তিনি বলেন, আগের মালিকানা যদি না থাকে, নতুন কেউ দল নিতে পারবে। ওপেন টেন্ডার দেওয়া হবে, যে কটি দল থাকবে তার মধ্যে বরিশাল থাকার সম্ভাবনা রয়েছে। বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা চার দলের জন্যও প্রস্তুতি নিয়েছি, ৫ দলের জন্যও নিয়েছি। ৬ দল হওয়ার কোনো সুযোগ নেই, সর্বোচ্চ ৫ দল হতে পারে। টেন্ডার দেওয়া হবে, রংপুর-বরিশালসহ আগ্রহীরা ওপেন টেন্ডারে অংশ নিতে পারবে।
অর্থাৎ এবারের বিপিএলে ৫ দল নিয়েই মাঠে গড়াবে প্রতিযোগিতা। রংপুর ও বরিশালের ভাগ্য নির্ভর করবে টেন্ডারের ফলাফলের ওপর।
টুর্নামেন্টের সদস্য সচিব ও বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমাদের যে উইন্ডোটা আছে…, এ বছর যেহেতু অল্প সময় এ জন্য আমরা ৫ দলের বিপিএল করতে চাই।











































