স্পোর্টস ডেস্ক
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ এখন আর মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নয়। দুই দেশ মুখোমুখি হলে ক্রিকেটের সঙ্গে সঙ্গে উঠে আসে রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের প্রসঙ্গ। ‘অপারেশন সিঁদুর’, ‘সার্জিক্যাল স্ট্রাইক’, যুদ্ধবিমান ধ্বংস—এসবই যেন হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের চিরচেনা অভিঘাত।
রবিবার নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত। আর এই জয়ের পর আবারও শোনা গেল ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর প্রতিধ্বনি। কারণ, সেই প্রসঙ্গ টেনে এনেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই।
ভারতের জয়ের পর এক্স (টুইটার)–এ নারী দলের উদ্যাপনের কয়েকটি ছবি পোস্ট করে শাহ লিখেছেন, ‘একটা পারফেক্ট স্ট্রাইক! নারী বিশ্বকাপে আমাদের মেয়েরা আবারও দেখিয়ে দিল তাদের দাপট। দেশ তোমাদের নিয়ে গর্বিত। আগামী ম্যাচের জন্য শুভেচ্ছা।’
শাহর এই মন্তব্যের পর অনেকেরই মনে পড়েছে ভারতের এশিয়া কাপ জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই টুইটের কথা। তখন মোদি লিখেছিলেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফল একটাই—ভারতের জয়!’
নারী দলের জয়ের পর এবার যদিও মোদি কিছু বলেননি, কিন্তু তার ডেপুটি অমিত শাহ যেন সেই সুরই আবার তুললেন অন্যভাবে। তিনি সরাসরি ‘সার্জিক্যাল স্ট্রাইক’ না বললেও ‘পারফেক্ট স্ট্রাইক’ কথাটা যেন ইঙ্গিতবাহী।
২০১৬ সালে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর পাকিস্তানের ভেতরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর দাবি করেছিল ভারতীয় সেনা। সেই সময়ও কর্মকর্তারা এই হামলাকে ‘পারফেক্ট স্ট্রাইক’, ‘প্রিসিশন স্ট্রাইক’ ইত্যাদি শব্দে বর্ণনা করেছিলেন। শাহর মন্তব্যে সেই ভাষারই প্রতিধ্বনি মিলছে।
সব মিলিয়ে বোঝা যাচ্ছে, ভারত-পাকিস্তান উত্তাপ এখন শুধু পুরুষদের ক্রিকেটেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে নারীদের ক্রিকেটেও। ম্যাচের আগেই সম্প্রচারকারী চ্যানেলে দেখানো হচ্ছিল সূর্যকুমার যাদবের ভিডিও, যেখানে তিনি বলছেন—‘নারী ওয়ানডে ক্রিকেটে ভারত ১১-০ ব্যবধানে এগিয়ে। কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কোনো লড়াই নেই, পুরোপুরি একপেশে।’
মাঠেও দেখা গেল সেই মনোভাবের প্রতিফলন। টসের সময় পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচ শেষে একই দৃশ্য—হাত মেলানো বন্ধ।
এভাবেই ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ আজ ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে রাজনীতি ও প্রতীকী লড়াইয়ের অঙ্গনে। মাঠের বাইরের এই প্রতিদ্বন্দ্বিতাই এখন যেন দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের নতুন সংজ্ঞা হয়ে উঠেছে।











































