গোপালগঞ্জ প্রতিনিধি
ভাতিজির বিয়েতে গুলি করে উল্লাস করে সমালোচিত চাচা মো. কাবুল শেখ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। তবে কাবুল শেখের উদ্দেশ্য খারাপ না হয়নি বলে বিবেচনা করে তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা না নিয়ে তাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় মোবাইল ফোনে মো. কাবুল শেখ রাইজিংবিডিকে এ বিষয় নিশ্চিত করেছেন। মো. কাবুল শেখ বলেন, ‘বিয়েতে উল্লাস করার জন্য সাটার গানের এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছি। এটা আমার করা একদম উচিত হয়নি। এতে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারতো। তবে আল্লাহর রহমতে কোন দুর্ঘটনা ঘটেনি।’ অন্যের লাইসেন্স করা বন্দুক ব্যবহার করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি লাইসেন্স করা একটি বৈধ বন্দুক। তবে অন্যের বন্দুক ব্যবহার করা ঠিক হয়নি। শুধু মাত্র আনন্দ করার জন্য এক রাউন্ড গুলি করেছিলাম মাত্র। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এজন্য আমি ক্ষমাও চেয়েছি। বিষয়টি নিয়ে আমি অনুতপ্ত হয়ে ওই দিনই ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে নিয়েছি।’ এ ব্যাপারে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, অন্যের বন্দুক দিয়ে গুলি করাটা তার ঠিক হয়নি। তবে তার উদ্দেশ্য কী ছিল, সেটা আমরা খতিয়ে দেখেছি। তিনি মজা করার জন্য গুলিটি করেছেন। তাকে সতর্ক করা হয়েছে। তার উদ্দেশ্য খারাপ না হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়নি।’
প্রসঙ্গত, কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে ভাইয়ের মেয়ের বিয়েতে সাটার গানের ফাঁকা গুলি বর্ষণ করে উল্লাস করেন চাচা কাবুল শেখ। গত ৩ আগস্ট কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের সঙ্গে পার্শবর্তী চৌরখুলী গ্রামের এস্কেন্দর ভূইয়ার ছেলে সবুজ ভূইয়ার বিয়ে হয়। বিয়ের দিন বর আসার পর কাবুল সাটারগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে আনন্দ উল্লাস প্রকাশ করেন। পরে ৬ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন। এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।









































