স্পোর্টস ডেস্ক
হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরে সাকিবের বিষয়ে কথা বলেছেন ফারুক আহমেদ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, ওটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব।’
তিনি আরও বলেন, ‘এফআইআর যখন হয়, তার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কিছুদিন আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনো আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারব।’ পরে এ কথাও বলেছেন, ‘সাকিবের এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারব না।’
এদিকে সাবেক বোর্ড পরিচালক জালাল ইউনুসের কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে কে আসছেন, এ নিয়ে সবার মধ্যে কৌতূহল ছিল। ফারুক আহমেদ অবশ্য এখনই এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছেন না। দায়িত্ব বণ্টন করে দেওয়ার আগে তিনি আরও সময় নিতে চাচ্ছেন।
তবে ফারুক আহমেদ নিশ্চিত করেছেন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের পদ শূন্য থাকলেও কাজ যে থেমে নেই। তিনি বলেন, ‘সব আছে। শুধু চেয়ারম্যান নেই। তবে কোনো কাজ বন্ধ নেই। বাকিটা (কে কোন কমিটি পাবেন) খুব দ্রুতই হবে।’











































