স্পোর্টস ডেস্ক||
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, বান্দরবান ও খাগড়াছড়িসহ দেশের ১৪ জেলা। কোথাও বুক সমান পানি। কোথাও আবার শুধু বাড়ির চাল পানির উপরে আছে। এমন বিপর্যয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষ।
বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে গতকাল ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর আজ শনিবার এক কোটি টাকা তিন হাজার খাবারের প্যাকেট দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
ফারুক আহমেদ বলেন, ‘এই এমাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সবসময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি।’
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে এত বড় বন্যা এসেছে, যার জন্য আমরা সবাই খুবই দুঃখিত। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। আমরা সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছি। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল)। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছি।’
বিসিবির পাঠানো ব্যাগে কী কী থাকছে এ নিয়ে ফারুক বলেন, ‘একটা ব্যাগে শুকনো খাবার থাকে। আপনারা জানেন রান্নার সুযোগ নেই। চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, লাইট, স্যালাইন এগুলো দেওয়া হয়েছে।’











































