Home খেলাধুলা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্দোগান

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্দোগান

24


স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ইলকাই গুন্দোগান। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার জার্মানি জাতীয় দলের হয়ে এক যুগের বেশি সময়ের পথচলার ইতি টানলেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণায় গুন্দোগান লিখেন, ‘কয়েক সপ্তাহ চিন্তাভাবনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমার জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার সময় এসেছে। দেশের হয়ে খেলা ৮২ আন্তর্জাতিক ম্যাচের দিকে আমি খুব গর্বের সঙ্গে ফিরে তাকাই-এটি এমন এক সংখ্যা, যা ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের সময় আমি স্বপ্নেও ভাবিনি।’

জার্মানির হয়ে ১৯টি গোল করেছেন গুন্দোগান। যেখানে জার্মানিতে অনুষ্ঠিত সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াইটি হয়ে থাকল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।

জার্মানির গত কয়েকটি বড় টুর্নামেন্ট ভালো কাটেনি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় চারবারের শিরোপা জয়ীরা। মাঝে ২০২০ ইউরোয় তাদের পথচলা থামে শেষ ষোলোয়।