ক্রীড়া প্রতিবেদক
গত মার্চ থেকেই আইপিএল নিয়ে শোনা যাচ্ছে নানা ধরনের গুঞ্জন। সব ঠিকঠাক থাকলে ২৯ মাচর্ থেকে শুরু হয়ে এতদিনে শেষও হয়ে যেত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরটি। কিন্তু করোনাভাইরাসের কারণে তার আগে থেকেই বন্ধ মাঠের ক্রিকেট। ফলে মাঠে গড়ায়নি আইপিএলের এবারের আসর।
যথাসময়ে আইপিএল না হওয়ায় একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে আইপিএলকে ঘিরে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত জানাচ্ছে না বলে জল ঘোলা হচ্ছে আরও বেশি। তবে এবার বোর্ডের চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, এ বছর আইপিএল হবে। সেজন্য সম্ভাব্য সকল উপায় বা পথ অবলম্বন করতে রাজি তারা। গতকাল বৃহস্পতিবা বোর্ডের সকল সদস্যদের কাছে দেয়া এক চিঠিতে গাঙ্গুলি লিখেছেন, ‘বিসিসিআই সম্ভাব্য সকল উপায় মাথায় রেখে এ বছরের মধ্যেই আইপিএল আয়োজনের ব্যাপারে কাজ করে যাচ্ছে। এমনকি প্রয়োজনে খালি গ্যালারিতেই হবে এবারের টুর্নামেন্ট। দর্শক, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর এবং অন্যান্য সংশ্লিষ্ট সবাই এ বছর আইপিএল দেখতে চায়।’ তিনি আরও জানিয়েছেন, ‘সম্প্রতি অনেক খেলোয়াড়, শুধু ভারত নয়, বাইরের দেশের অনেকেও আইপিএলের ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে। তারাও যে আইপিএল চায় সে কথা জানিয়েছে। আমরাও আশাবাদী। বিসিসিআই খুব শীঘ্রই এ বিষয়ে কার্যকর কোন সিদ্ধান্ত নিতে পারবে।’
শুধু আইপিএল নয়, ভারতীয় বোর্ডের চিন্তায় রয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের কথাও। যথাসময়ে প্রাদেশিক দলগুলোওযেন ক্রিকেটীয় কার্যক্রম শুরু করতে পারে, সে লক্ষ্যে যথাযথ কোভিড-১৯ অপারেশন পদ্ধতি চালুর কথাও ভাবছে বিসিসিআই। গাঙ্গুলি লিখেছেন, ‘দেশের সব প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য আমরা যথাযথ কোভিড-১৯ অপারেশন পদ্ধতি তৈরির চেষ্টা করে যাচ্ছি। যাতে করে একযোগে সারাদেশে ক্রিকেট ফেরানো যায়। যেকোন সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তার কথাই ভাবতে হবে আমাদের।’
এসময় ঘরোয়া ক্রিকেটের ব্যাপারে বিসিসিআই প্রধান জানিয়েছেন, ‘ঘরোয়া টুর্নামেন্টগুলো আগামী মৌসুমের জন্য পরিকল্পনা করা হচ্ছে। ঘরোয়া টুর্নামেন্টগুলো যেন সবকয়টাই হয়, তাই ভিন্ন ভিন্ন ফরম্যাটের কথাও ভাবছি আমরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে বিসিসিআই।’
জার্মান কাপের ফাইনালে বায়ার্ন
ক্রীড়া প্রতিবেদক
গোল উৎসবের সঙ্গে ছুটছে জয়রথ। করোনাভাইরাস পরবর্তী খেলায় বায়ার্ন মিউনিখ যেন আরও ভয়ঙ্কর। একের পর এক ম্যাচ জিতে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তারা। বুন্দেসলিগা জেতার খুব কাছে ব্যাভারিয়ানরা, এবার আরেকটি শিরোপা জেতার মঞ্চ তৈরি করে রাখলো। বুধবার রাতে জার্মান কাপের টানা তৃতীয় ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন। আর এই সাফল্যময় যাত্রায় গড়েছে তারা গোলের রেকর্ড।
বুধবার জার্মান কাপের সেমিফাইনালে এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। কষ্টার্জিত হলেও ফাইনাল নিশ্চিত করতে কোনও অসুবিধাই হয়নি এই জয়ে। ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনার ম্যাচে ২গোল করে নিজেদেরই গোলের রেকর্ডে ভাগ বসিয়েছে তারা। বুন্দেসলিগা ও জার্মান কাপের বর্তমান চ্যাম্পিয়নরা ফ্রাঙ্কফুর্ট ম্যাচ দিয়ে ২০১৯-২০মৌসুমে করেছে ১২৮ ও ১২৯তম গোল, সেটাও মাত্র ৪৮ ম্যাচে। ১২৯গোল করে নির্দিষ্ট কোনও মৌসুমে সর্বোচ্চ গোলে নিজেদের রেকর্ডেই ভাগ বসিয়েছে বায়ার্ন। ১৯৭২-৭৩ মৌসুমে গোলের বৃষ্টি ঝরিয়ে প্রতিপক্ষের জালে ১২৯বার বল জড়িয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা।এবারের মৌসুমে গোলের সংখ্যা কোথায় নিয়ে যান রবার্ত লেভানদভস্কিরা, সেটাই দেখার। চলতি মৌসুমের ১২৯ গোলের ৯০টিই এসেছে বুন্দেসলিগা থেকে, সেটাও মাত্র ৩০ ম্যাচে। যেখানে লেভানদভস্কি একাই করেছেন ৩০ গোল।
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জার্মান কাপের সেমিফাইনালেও গোল পেয়েছেন পোলিশ স্ট্রাইকার। ৭৪ মিনিটে তার দেওয়া গোলেই ফাইনালে ওঠার আনন্দে মাতে বায়ার্ন। এর আগে ১৪তম মিনিটে স্বাগতিকরা এগিয়ে গিয়েছিল ইভান পেরিশিচের লক্ষ্যভেদে। কিন্তু ৬৯ মিনিটে ড্যানি ডাকোস্টা জাল খুঁজে পেলে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট। জমে যাওয়া ম্যাচে বায়ার্নের জয় নিশ্চিত করেন লেভানদভস্কি।
বাজেটে বরাদ্দ বাড়ল ক্রীড়া মন্ত্রণালয়ে
ক্রীড়া প্রতিবেদক
গতকাল বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ১৪৭৮কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছেন। এর মধ্যে উন্নয়ন খাতে ২৩৩কোটি ২৯ লাখ টাকা এবং পরিচালন খাতে ১২৪৫কোটি ৬৪ লাখ টাকা ধরা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ১৫৫কোটি ২৯ লাখ টাকা এবং পরিচালন খাতের পরিমাণ ছিল ১৩০১কোটি ২৭ লাখ ৮৪ হাজার টাকা। সব মিলিয়ে গত অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট এর পরিমান ছিল ১৪৫৬কোটি ৫৬ লাখ ৮৪ হাজার টাকা। এবারের প্রস্তাবিত বাজেট গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় ২২কোটি ৩৭ লাখ ১৬ হাজার টাকা বেশী।
কোয়াব খুলনা জেলার কমিটি গঠন: জিয়া সভাপতি ও সোহান সম্পাদক
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) খুলনা জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয় দলে খেলা ক্রিকেটার জিয়াউর রহমান জনিকে সভাপতি ও কাজী নুরুল হাসান সোহানকে নতুন কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার স্বাস্থ্যবিধি মেনে জেলা স্টেডিয়ামে খুলনার ক্রিকেটারদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হওয়া সভায় ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সগির হোসেন পাভেল, রবিউল ইসলাম রবি, নাহিদুল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুব, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, শাহেদ আদনান ও আল ইমরান, কোষাধ্যক্ষ অমিত মজুমদার, অফিস সম্পাদক আসলাম খান, সহ-অফিস সম্পাদক আরাফাত হোসেন, প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সেতু, সহ-প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন ও বিশ্বনাথ হালদার, সাংগাঠনিক সম্পাদক রেজওয়ান কবির রুমি, সহ সম্পাদক রিয়াজুল করিম রিয়াজ ও রিজভী, ক্রীড়া সম্পাদক কামরান সানি, সহ-ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান মিরাজ ও মাসুম খান টুটুল, সমাজ কল্যাণ সম্পাদক রাজিবুল ইসলাম, সহ সম্পাদক মোসাদ্দেক ইফতেখার রাহী ও রায়হান উদ্দিন রোহান, কর্যনির্বাহী সদস্য মারুফ জব্বার মুকুট, সৈয়দ শামীম হোসেন, আসলাম আলী, রাকিব আহমেদ রাজু, মাহমুদুজ্জামান, সাজ্জাদ হোসেন মুন ও প্রান্তিক নওরোজ নাবিল।
দ্রুততম মানবী শিরিন অনুশীলনে
ক্রীড়া প্রতিবেদক
করোনা পরিস্থিতিতে লকডাউন উঠে গেলেও খেলোয়াড়দের অনুশীলন কার্যক্রম শুরু নিয়ে ঘোষণা আসেনি। তাই বলে খেলোয়াড়রাও বসে নেই। তেমনই একজন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। বিকেএসপিতে অনেকটা নিভৃতেই অনুশীলন করে যাচ্ছেন এই অ্যাথলেট।
নৌবাহিনীর হয়ে ট্র্যাকে লড়াই করে থাকেন শিরিন। এই পরিস্থিতিতে পর্যাপ্ত অনুশীলনের জন্য বিকেএসপিই তার মূল ভরসা। করোনা পরিস্থিতিতে অনেকে গ্রামের বাড়িতে চলে গেলেও শিরিন যাননি। এমনকি ঈদের ছুটিতেও বিকেএসপিতেই রয়ে গেছেন। জাতীয় আসরে ১০০ ও ২০০ মিটার দৌড়ে ১৬ বার চ্যাম্পিয়ন হওয়া শিরিন অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়াতে চান আরও কয়েক বছর।
অনলাইনে ট্রেনিং শুরু করলেন মিরাজরা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রকোপে মার্চ মাসেই বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল)। দেশের পরিস্থিতির উন্ননি না হওয়ায় এখনই হয়তো মাঠে ফিরবে না ক্রিকেট। তবে ক্রিকেটারদের ফিট রাখতে ভিন্ন পথ বেছে নিয়েছে ডিপিএলের খেলাঘর কল্যাণ সমিতি।
কোভিড-১৯ এ বাংলাদেশের অবস্থার উুন্নতি হয়নি এখনো। তাই ক্রিকেটারদের নিয়ে কোনো ঝুঁকি নেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপরদিকে বেশি দিন অলসভাবে কাটালে ভাটা পড়তে পারে ক্রিকেটারদের ফিটনেসে। তাই ডিপিএলর দল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি অনলাইনে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেছে। বুধবার প্রথমদিনের মতো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তারা অনলাইনে প্রশিক্ষণ নিয়েছে। সার্বিক অনুশীলন তত্ত্বাবধান করেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কোচ নাফিস ইকবাল। দলটির তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের স্বীকৃত ফেসবুক পেইজ থেকে নাফিস ইকবাল ও দলকে এইজন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
পিছিয়ে গেল বিশ্বকাপের সিদ্ধান্ত
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটপ্রেমীদের সজাগ দৃষ্টি ছিলো আইসিসির বোর্ড সভার দিকে। বুধবার অনুষ্ঠিত এ সভা থেকে এলো না কোনো সিদ্ধান্ত। সবার আগ্রহের কেন্দ্রে ছিলো চলতি বছরের অক্টোবর-নভেম্বরে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত।
কিন্তু বোর্ড মেম্বারদের নিয়ে করা এ সভায় কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি। বরং পরিবেশ-পরিস্থিতি আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য এক মাস সময় নিয়েছে তারা। অর্থাৎ আগামী জুলাই মাসে ২০২০ সালে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইসিসি। যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত একবারই নেয়া হয়, তাই এ বিষয়ে কোনো তাড়াহুড়োর পক্ষে নয় আইসিসি। বরং সব দিক বিবেচনা করে, পুরোপুরি নিশ্চিত হয়েই দুইটি বড় আসরের সিদ্ধান্ত নেবে সংস্থাটি।
করোনায় বাতিল ভারতের শ্রীলঙ্কা সফর
ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কায় গিয়ে আগামী আগস্টেই সিরিজ খেলতে রাজি একদিন আগেই ফলাও করে প্রকাশ করেছিল ভারতীয় মিডিয়া। কিন্তু একদিন পার হতে না হতেই সেই সিরিজ স্থগিত ঘোষণা করলো ভারত। বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মিডিয়াকে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
লঙ্কান একটি পত্রিকার বরাত দিয়ে বুধবার ভারতীয় মিডিয়াগুলোর প্রায় সবাই প্রকাশ করেছিল, শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে বিসিসিআই। তবে, এ বিষয়ে ভারত সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তারা। অনুমতি পেলেই সফর চূড়ান্ত করবে সৌরভের নেতৃত্বাধীনবোর্ড।
কিন্তু একদিন পরই করোনাভাইরাসের কারণে সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো বলে জানানো হচ্ছে দুই বোর্ডের পক্ষ থেকে। দুই বোর্ডই বলছে, পরিস্থিতি এখনও সিরিজ খেলার উপযুক্ত নয়।
বাছাইপর্বের ২ সিরিজ স্থগিত করল আইসিসি
ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এবং ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ-বি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
নতুন করে এই দুই সিরিজ স্থগিত করার ব্যাপারে আইসিসির হেড অব ইভেন্টস, ক্রিস টেটলি বলেন, ‘চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক স্বাস্থ্য উদ্বিগ্নতা এখনও বিদ্যমান থাকায় সরকার এবং জনস্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শের ভিত্তিতে আমরা দু’টি বাছাইপর্ব সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি, যা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের জন্য আয়োজিত করা হতো।’ মূলত এই দুই সিরিজ থেকে ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য উপযুক্ত দল বাছাই করার কথা আইসিসির। যা মূল পর্বে জায়গা পেতো। তবে খেলোয়াড়, কোচ, সমর্থকদের কথা চিন্তা করে আপাতত তা পিছিয়ে নেওয়ার পরিকল্পনা আইসিসির।
৩ ক্রিকেটারকে সতর্ক করল পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
পাকাপোক্তভাবে অধিনাতকত্ব পাওয়ার পর থেকে খবরের শিরোনাম হওয়া যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। গত মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাকে স্থায়ী অধিনায়কত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এরপর থেকে নিয়মিতই কোন না কোনভাবে বারবার চলে আসছে তার নাম। এবার বাবর হলেন নেতিবাচক খবরের শিরোনাম। বোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করেই নেমে পড়েছিলেন অনুশীলনে। যা মোটেও ভালোভাবে নেয়নি পিসিবি।
শুধু বাবর একা নয়, দলের আরও দুই সদস্য ইমাম উল হক এবং নাসিম শাহও করেছেন একই কাজ। যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই স্থানীয় কাবে অনুশীলন করতে গিয়েছিলেন তারা, যা পিসিবির নিষেধাজ্ঞা ভঙ্গের শামিল। ফলে প্রাথমিকভাবে এ তিন ক্রিকেটারকে সতর্ক করে দিয়েছে বোর্ড।
মাঠ কাঁপাচ্ছেন সেই করোনা
ক্রীড়া প্রতিবেদক
এক করোনাভাইরাস কাঁপিয়ে বেড়াচ্ছেন সারা বিশ্ব। এ আবার নতুন কোন করোনা, যে মাঠ কাঁপাচ্ছে? মেক্সিকান মিডফিল্ডার হেসুস করোনা। এখন খেলছেন পর্তুগিজ লিগের কাব এফসি পোর্তোয়।
টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন এই ম্যাক্সিকান মিডফিল্ডার। তার করা গোলেই পর্তুগিজ প্রিমেরা লিগে ১০জনের দল নিয়েও শীর্ষে উঠে এলো এফসি পোর্তো। ম্যারিটিমোর বিপক্ষে ম্যাচের ৬ মিনিটের মাথায় গোল করেন করোনা। তার এই এক গোলেই লিগের শীর্ষস্থান দখল করে নেয় পোর্তো। সপ্তাহ দুয়েক আগেই হঠাৎ আলোচনায় উঠে আসে মেক্সিকান মিডফিল্ডার হেসুস করোনার নাম। তাকে কেনার জন্য উঠে পড়ে লেগেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কাব চেলসি। শুধু তাই নয়, ২৮২কোটি টাকা দিয়ে তাকে কিনে আনার সব আয়োজনও প্রায় সম্পন্ন করে ফেলেছে তারা।
এক ম্যাচ নিষিদ্ধ ডেলে আলি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ছিলেন ডেলে আলি। যেটা মোটেই পছন্দ হয়নি ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)। এ কারণে টটেনহ্যাম হটস্পারের এই মিডফিল্ডারকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ফুটবলের সর্বোচ্চ এ নিয়ন্ত্রক সংস্থা।
নিষেধাজ্ঞার কারণে ১৯জুন ম্যানইউ বিপক্ষে টটেনহ্যামের হোম লিগ ম্যাচ মিস করবেন ডেলে আলি। লকডাউনের পর ইংলিশ প্রিমিয়ার লিগে এটাই প্রথম ম্যাচ দুদলের। ফেব্রুয়ারিতে স্ন্যাপচ্যাটে একটি ভিডিও পোস্ট করেছিলেন ২৪ বছরের তারকা প্লেমেকার ডেলে আলি। করোনাভাইরাস মহামারী ও ভিডিওতে থাকা এক এশিয়ান লোককে নিয়ে বিদ্রুপ করেছিলেন ইংল্যান্ডের এ ফুটবল সুপারস্টার। শুধু নিষিদ্ধই হননি ডেলে আলি। সঙ্গে তাকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করেছে এফএ।










































