স্পোর্টস ডেস্ক।।
ওভালে চলছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট। এই ম্যাচে ধীরগতির এক জুটি বেঁধে অন্যরকম এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা ও ওয়ান ডাউন ব্যাটার মারনাস লাবুশেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৮৩ রানের জবাবে ৪৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২৪ রান করে ক্রিস ওকসের বলে ফেরেন ডেভিড ওয়ার্নার। এরপর দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন খাজা-লাবুশেন। এই রান তুলতে এই জুটি খরচ করে ২৬ ওভার।
মূলত, লাবুশেনের শ্লথ ইনিংসের কারণেই এই জুটির রান রেট এত কম। ৮২ বলে মাত্র ৯ রান করেছেন লাবুশেন। আর ৮১ রানের মাথায় লাবুশেন যখন ফেরেন তখন খাজা অপরাজিত ১২৩ বলে ৩৭ রান করে।
এই জুটির রান এসেছে ওভারপ্রতি ১.৬১ হারে। অ্যাশেজের একটি ইনিংসে কোনো জুটি ১৫০ বল অতিক্রম করার পর এত কম রানের ঘটনা আর ঘটেনি। তারা ভেঙেছে ইংল্যান্ডের মাইকেল কারবেরি এবং জো রুটের রেকর্ড। ২০১৩ সালে অ্যাডিলেডে ওভারপ্রতি ১.৭৫ হারে রান করেছিলেন এই জুটি। ওই টেস্টে ২৭ ওভারে ৪৮ রানের জুটি গড়েছিলেন তারা।
ওভাল টেস্টে ইংল্যান্ডের ২৮৩ রানের জবাবে ২৯৫ রানে অলআউট হয়ে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান এসেছে স্টিভেন স্মিথের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান খাজার ব্যাটে।











































