Home আঞ্চলিক খুলনায় ডাম্পারের ধাক্কায় সিএনজি ডোবায়: নারীসহ ৪ যাত্রী নিহত

খুলনায় ডাম্পারের ধাক্কায় সিএনজি ডোবায়: নারীসহ ৪ যাত্রী নিহত

13

ডুমুরিয়া প্রতিনিধি ।।

ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার  দুপুর ১ টায় বালুবোঝাই ডাম্পার খুলনায় যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজিকে ধাক্কা দিলে ডোবায় পড়ে যায় । প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৫টায় ডোবার ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত পানির নিচ থেকে সিএনজিটি উদ্ধার করা যায়নি। ট্রাক চালক রাকিব শেখকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- সিএনজি চালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৩২), একজন নারী (৩৫) ও একজন পুরুষের (৪৫) পরিচয় পাওয়া যায়নি।

ডুমুরিয়া থানার ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, বালু ভর্তি ট্রাক (সাতক্ষীরা ই ১১-০৩৯৪) এবং যাত্রীবাহী সিএনজি খুলনার দিকে যাচ্ছিলো। ট্রাকটি সিএনজিকে পেছনের দিকে ধাক্কা দিলে সিএনজি রাস্তার পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায়। সিএনজির ওপর বালু ভর্তি ট্রাক পড়ায় সেটি পানির নিচে ডেবে যায়। সিএনজি থেকে কেউ বের হতে পারেনি। পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে। সিএনজিটি উদ্ধারের চেষ্টা চলছে।