আবু হোসাইন সুমন, মোংলা

রামপাল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা মঈন উদ্দীন আক্তারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাটের রামপালের ভরসাপুর জামে মসজিদ চত্বরে আয়োজিত বিএনপি নেতা খাজা মঈন উদ্দীন আক্তারের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা ও ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় বাগেরহাট জেলা ও রামপাল থানা বিএনপিসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। স্মরণ সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতা-কর্মীর সমাগম ঘটে। বিপুল লোক সমাগমে ভরসাপুর জামে মসজিদ চত্বর ছাড়িয়ে রাস্তাঘাট সয়লাব হয়ে যায়।
স্মরণ সভায় বক্তারা কান্নাজড়িত কন্ঠে বিএনপি নেতা ও বার বার নির্বাচিত চেয়ারম্যান খাজা মঈন উদ্দীন আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও তাদের আইনের আওতয়া এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়া তার পরিবারের সদস্যদেরও নিরাপত্তা নিশ্চিতের জন্যে প্রশাসনের প্রতি জোর আহবাণ জানিয়েছেন বক্তারা। স্মরণ সভায় খাজা মঈন উদ্দীন আক্তারের আত্মার মাগফিরত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বছরের ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় ভরসাপুর বাস ষ্ট্যান্ডে দুষ্কৃতকারীদের বোমা হামলায় নিহত হন খাজা মঈন উদ্দীন আক্তার।










































