Home খেলাধুলা ‘ডাকাতি করা হয়েছে’—বার্সার বিদায়ে রেফারিকে ধুয়ে দিলেন রাফিনিয়া

‘ডাকাতি করা হয়েছে’—বার্সার বিদায়ে রেফারিকে ধুয়ে দিলেন রাফিনিয়া

7

স্পোর্টস ডেস্ক।।

চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনার বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর রেফারির সমালোচনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

ইনজুরির কারণে এই ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামতে পারেননি রাফিনিয়া। তবে দলের সঙ্গে সিভিতাস মেত্রোপলিতানো স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ২-১ ব্যবধানে জিতলেও, দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় হান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচে লামিনে ইয়ামাল এবং ফেরান তোরেসের গোলে বার্সেলোনা দারুণ লড়াইয়ের আভাস দিয়েছিল।

কিন্তু আদেমোলা লুকম্যানের এক গোল আতলেতিকোর সেমিফাইনাল নিশ্চিত করে দেয়। ম্যাচের উত্তেজনা চরমে পৌঁছায় যখন আলেকজান্ডার সারলোথকে ফাউল করার দায়ে এরিক গার্সিয়াকে লাল কার্ড দেখানো হয়। মূলত এই সিদ্ধান্তেই ক্ষোভে ফেটে পড়েন রাফিনিয়া।

ম্যাচ শেষে নিজের ক্ষোভ উগরে দিয়ে রাফিনিয়া সরাসরি বলেন, ‘এটি স্রেফ ডাকাতি। রেফারির পরিচালনা নিয়ে অনেক সমস্যা ছিল এবং তিনি কিছু অবিশ্বাস্য সিদ্ধান্ত দিয়েছেন। আমি জানি না আতলেতিকো কতগুলো ফাউল করার পর একটা কার্ড দেখেছে!’

শুধু লাল কার্ড নয়, প্রথমার্ধে দানি ওলমোকে ফাউল করার পর পেনাল্টি না দেওয়া নিয়েও বার্সেলোনা শিবিরে চরম অসন্তোষ বিরাজ করছে।

রেফারিং নিয়ে বার্সেলোনার এই অসন্তোষ নতুন কিছু নয়। টানা দ্বিতীয় ম্যাচে তারা চ্যাম্পিয়নস লিগের রেফারিং নিয়ে প্রশ্ন তুলল। এর আগে উয়েফার কাছে ক্লাবটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিলেও তা নাকচ করে দেওয়া হয়েছিল।

রাফিনিয়া আক্ষেপ করে বলেন, ‘ভুল করা মানুষের স্বভাব, কিন্তু বারবার একই ঘটনার পুনরাবৃত্তি মেনে নেওয়া যায় না। আমরা দুর্দান্ত খেলেছি, কিন্তু আমাদের থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। মনে হচ্ছে জেতার জন্য আমাদের এখন তিনগুণ বেশি পরিশ্রম করতে হবে।’