Home আঞ্চলিক খুলনা আইনজীবী সমিতির নির্বাচন : ভোটগ্রহণ শেষে গণনা চলছে, এগিয়ে জাতীয়তাবাদী আইনজীবী...

খুলনা আইনজীবী সমিতির নির্বাচন : ভোটগ্রহণ শেষে গণনা চলছে, এগিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

119

স্টাফ রিপোর্টার।।

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আজ (২৯ মার্চ) রোববার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শেষে বর্তমানে ভোট গণনা চলছে। প্রাথমিকভাবে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পূর্ণাঙ্গ প্যানেলে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।

নির্বাচনে মোট ১৪টি পদে চারটি প্যানেলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে ১ হাজার ২০২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ আব্দুল আজিজ। সদস্য হিসেবে রয়েছেন এস এম মনজুর কাদের ও এস এম মুজিবর রহমান। কমিটির সদস্য এস এম মনজুর কাদের জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এবারের নির্বাচনে অংশ নেওয়া চারটি প্যানেল হলো—জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী এবং সম্মিলিত পরিষদ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলে সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিয়ুর রহমান নান্নুসহ পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্যানেলে সভাপতি পদে মো. আবুল খায়ের ও সাধারণ সম্পাদক পদে শেখ জাকিরুল ইসলাম জাকির প্রার্থী হয়েছেন।

সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী প্যানেলে সভাপতি পদে বেগম আক্তার জাহান রুকু এবং সাধারণ সম্পাদক পদে নিহিত কামিত ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে সম্মিলিত পরিষদ প্যানেলে সভাপতি পদে মো. বাচ্চু মিয়া ও সাধারণ সম্পাদক পদে মো. সফিউল আলম সুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত পরিষদের মধ্যে। তবে রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ সরাসরি অংশগ্রহণ না করলেও এই প্যানেলকে সমর্থন দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল শেষ মুহূর্তে প্রচারণা জোরদার করেছে। বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত সততায় অঙ্গীকারবদ্ধ প্যানেলও জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে।