স্পোর্টস ডেস্ক।।
ইংলিশ প্রিমিয়ার লীগে গত এপ্রিলের পর থেকে জয়ের দেখা পায়নি উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। সোমবার তাদের মাঠে গিয়ে ৪-১ গোলে জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমের ১৫ ম্যাচে এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা উলভসের পয়েন্ট মোটে ২, হার দেখলো ১৩ ম্যাচে। টেবিলের একদম তলানিতে অবস্থান তাদের। সেই উলভসের মাঠে জিতে ইউনাইটেড কোচ আমোরিমের দাবি, তার দল অনেক উন্নতি করছে।
ম্যাচ শেষে রেড ডেভিলদের পর্তুগিজ কোচ বলেন, ‘আমি মনে করি, আমরা অনেক উন্নতি করেছি। গত মৌসুমের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এ মৌসুমে আমরা আরও অনেক বেশি সুযোগ সৃষ্টি করছি, আরও বেশি গোল করছি এবং আরও বাস্তব বিপদসঙ্কুল পরিস্থিতি তৈরি করছি।
এ কারণে আমি অত্যন্ত সন্তুষ্ট।’ এ পারফর্মেন্সের ধারা তারা কয় ম্যাচে বজায় রাখতে পারে, সেটি সময়ই বলে দেবে। গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের (২-১) পরই তলানির দিক থেকে তিনে থাকা ওয়েস্ট হামের সঙ্গে ঘরের মাঠে বিপক্ষে করুণ এক ড্র (১-১) করে ইউনাইটেড। সোমবারের ৪-১ গোলের জয় ছিল ইংলিশ জায়ান্টদের চলতি মৌসুমে সবচেয়ে বড়। আমোরিম দায়িত্বে আসার পর গত ১৩ মাসে প্রিমিয়ার লীগে চার গোলের বেশি করতে পারেনি তার দল। এ জয়ে ১৫ ম্যাচে ৭ জয়, ও ৪টি করে হার এবং ড্রয়ে ২৫ পয়েন্টে তালিকার ছয়ে উঠে এসেছে ইউনাইটেড। উলভসের মাঠে ম্যাচের ২৫তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় সফরকারী দল। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে সেটি শোধ দেয় স্বাগতিকরা। মাঠে ফিরে ৫১তম মিনিটে ফের ইউনাইটডকে এগিয়ে নেন ব্রায়ান এমবুমো। কিছুক্ষণ পর ব্যবধান বাড়ান ম্যাসন মাউন্ট। ৮২তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি করেন ফার্নান্দেজ।
ম্যানচেস্টার ইউনাইটেডের সমসাময়িক অবস্থা বোঝা যায় ম্যাচের পর সাবেক ইংলিশ ফুটবলার ও স্কাই স্পোর্টসের বিশ্লেষক জেমি ক্যারাঘারের একটি মন্তব্যে। তিনি ইউনাইটেডের প্রশংসা করলেও, বলেন, ‘সমস্যা হলো, আমরা ধরে নিই যে সামনে আবার একটি খারাপ ফল অপেক্ষা করছে।’











































