Home খেলাধুলা ডানা মেলতে চান তানজিদ

ডানা মেলতে চান তানজিদ

5


ক্রীড়া প্রতিবেদক।।

জাতীয় দলে নিয়মিত মুখ তানজিদ হাসান তামিম। ২০২৩ সালে ওয়ানডে অভিষেক হয়েছে তার; পরের বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি। জাতীয় দলের জার্সিতে ২৮ ওয়ানডেতে ২০.৬৬ গড়ে ৫৫৮ রান করেছেন। সর্বোচ্চ ৮৪। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচে ২৮ গড়ে রান করেছেন ১ হাজার ১২০। সর্বোচ্চ ৮৯। ওপেনিংয়ে জাতীয় দলে নিজের শক্ত অবস্থান তৈরি করলেও বৈশ্বিক টুর্নামেন্টে নিজেকে এখনও সেভাবে প্রমাণ করতে পারেননি। ২০২৩ বিশ্বকাপে ৯ ম্যাচে ১৬.১১ গড়ে ১৪৫ রান করেছিলেন; সর্বোচ্চ ৫১। ২০২৪ টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১০.৮৫ গড়ে ৭৬ রান এসেছে তার ব্যাট থেকে। সর্বোচ্চ ৩৫। সর্বশেষ এশিয়া কাপেও নিজেকে মেলে ধরতে পারেননি ২৫ বছর বয়সী এ বাঁহাতি। ৫ ম্যাচে ১৩.৪০ গড়ে ৬৭ রান করেছেন; সর্বোচ্চ ৫২।

বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতা প্রসঙ্গে গতকাল তানজিদ জানান, তিনি তার সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি। তিনি বলেন, ‘আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল নই। আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আইসিসি ইভেন্টে। তারপরে এশিয়া কাপে আমি সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে, সিরিজগুলোতে আমি শেষ কয়েকটা সিরিজ যে রকম ধারাবাহিক পারফরম্যান্স করেছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই ধারাবাহিকতাটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি।’

মিরপুরে ব্যাটারদের নিয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। সেখানে ঘাম ঝরাচ্ছেন তানজিদ। সামনে তাদের বিপিএল ব্যস্ততা শুরু হয়ে যাবে। ছয় দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ব্যাটারদের বিশেষ ক্যাম্পে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কাজ করছেন তানজিদ। বিশ্বকাপের আগে এমন ক্যাম্প আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। তানজিদ বলেন, ‘(ক্যাম্প) খুব ভালো যাচ্ছে। কারণ বিপিএলের পর আমরা ততটা সময় পাব না। এমন স্পেসিফিক ব্যাটিং ক্যাম্প খুব কমই হয়, যেটি খুবই ইতিবাচক। আমরা শেষ কয়েকটি সিরিজে নিজেদের কী অতিরিক্ত দক্ষতার ঘাটতি ছিল এবং সেখান থেকে কী উন্নতি করতে পারি, সে বিষয়ে কাজ করছি। সামনে বিশ্বকাপ বা কোনো বড় ইভেন্টে আমাদের নিয়ে প্রতিপক্ষ কি গেম প্ল্যান করতে পারে বা কোনো নির্দিষ্ট গ্যাপে বোলার কী পরিকল্পনা করতে পারে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে। কোচেরা খুব স্পেসিফিকভাবে একটি বিষয়ে বারবার ফোকাস করছেনÑ পাওয়ার প্লেতে কীভাবে খেলা হবে এবং কীভাবে গ্যাপ বের করা হবে।’

টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৪৫ ইনিংসে মাত্র দুবার ওয়ান ডাউনে ব্যাটিং করেছেন তানজিদ। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে (১৭ ও ১৯ ডিসেম্বর) তিনে ব্যাটিংয়ে নেমে ২ ও ৯ রান করেছিলেন। তার ক্যারিয়ারে ওপেনিংয়ে নিজের জায়গা থিতু করেছেন। পার্টনার হিসেবে কখনও ইমন, কখনও সাইফকে পেয়েছেন। তবে দলের স্বার্থে যে কোনো পজিশনে ব্যাটিংয়ে নামতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। তানজিদ বলেন, ‘আসলে এখানে কেউ-ই স্থিতিশীল না। দলের জন্য যখন যাকে যেখানে দরকার হবে, সে সেই পজিশনেই খেলবে। গত সিরিজেও (আয়ারল্যান্ড) আপনারা দেখেছেন যে, একজন ওপেনার ব্যাটসম্যানকে তিন-চার নম্বরে খেলানো হয়েছে। আমার মনে হয় এখানে স্থিতিশীল বলে কিছু নেই। দলের কাছে যেটা ভালো মনে হবে, সেটাই আর কী।’