স্পোর্টস ডেস্ক।।
বাম হাঁটুর পুরনো চোট আবারও ফিরে আসায় অ্যাশেজ সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ম্যাথিউ ফিশার।
ফিশার, যিনি এখন পর্যন্ত শুধু একটি টেস্ট খেলেছেন-২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার এই পেসারের অ্যাকশনের রিলিজ পয়েন্ট বেশ উঁচু। তিনি ইতোমধ্যেই ইংল্যান্ড লায়ন্স দলের সদস্য হিসেবে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং এই সপ্তাহেই সিনিয়র দলে যোগ দেবেন। অ্যাডিলেডে তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর।
৩৬ বছরে পা দিতে যাওয়া উড আশা করেছিলেন মেলবোর্ন ও সিডনির শেষ দুই টেস্টে ফিরে আসবেন। তবে তিনি স্বীকার করেন, বয়স তার ওপর প্রভাব ফেলছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, ‘উড সপ্তাহের শেষ দিকে দেশে ফিরে আসবেন এবং ইসিবির মেডিকেল টিমের সঙ্গে পুনর্বাসন ও পুনরুদ্ধার প্রক্রিয়ায় কাজ করবেন।’
ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফি অভিযানে ফেব্রুয়ারিতে চোট পেয়ে উডের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। পার্থে সিরিজের প্রথম টেস্ট ছিল ১৫ মাস পর তাঁর আন্তর্জাতিক টেস্টে ফেরা। ম্যাচে তিনি উইকেটবিহীন ১১ ওভার বল করেন এবং হাঁটুর ব্যথা অনুভব করায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারেননি; ম্যাচটি জিতে ২–০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।











































