স্পোর্টস ডেস্ক।।
চলতি এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় বেশ ক্ষুব্ধ পাকিস্তান। ওই ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছিল দলটি। এর মধ্যেই গুঞ্জন ওঠে, এশিয়া কাপ থেকেই সরে যেতে পারে সালমান আলি আগার দল।
আজ পাকিস্তানের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এই ম্যাচ হবে কি না সেটি নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা। তবে শেষমেশ ম্যাচটি হচ্ছে বলে জানা গেছে। যদিও সেটি অনুষ্ঠিত হবে এক ঘণ্টা পর।
গ্রুপ ‘এ’–এর পাকিস্তান–আমিরাত ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাংলাদেশ সময় সাড়ে আটটায়)। এক ঘণ্টা পিছিয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে নটায়। টস হবে আধা ঘণ্টা আগে।
দুবাইয়ে গত ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচে টসের সময় এবং ম্যাচের শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের খেলোয়াড়েরা। পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের জেরে এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল ভারতের পক্ষ থেকে। ভারতের এই হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ এনে তাকে অপসারণের দাবি জানিয়েছে পিসিবি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তা আমলে না নেওয়ায় পাকিস্তান দলের এশিয়া কাপ থেকে সরে যাওয়ার গুঞ্জন ওঠে।











































